স্যালাইন ভেবে মাছি মারার বিষ পান
মাছি মারার বিষ খেয়ে ঈশ্বরদী উপজেলার বাঘইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ১০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পাকশী ইউনিয়নের ২ নম্বর বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো: তারেক (১২), জিসান (৯), সিজান (৮), অমি (৮), ইসরাফিল (৮), দীপু (৮), ইমন (৮), শাকিব (১০) সৈকত (৮) ও নয়ন (১০)।ঈশ্বরদী থানা পুলিশ, স্কুলশিক্ষক ও অসুস্থ শিক্ষার্থীরা জানায়, বাঘইল মল্লিকপাড়া গ্রামের নওশের আলীর স্ত্রী সাজেদা বেগম গত রোববার স্কুলের পাশের মুদি দোকানদার সেলিমকে মাছি মারার বিষ বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। গতকাল সোমবার সকালে নওশের আলীর ছেলে ইসরাফিল স্কুলে যাওয়ার সময় দোকানদার সেলিম তার কাছে মাছি মারার বিষের প্যাকেট দিয়ে মাকে দিতে বলেন। অসুস্থ ইসরাফিল জানায়, দোকানদার তাকে এটি বিষ বলে জানায়নি। স্যালাইন ভেবে সে ক্লাসে এসে সহপাঠীদের নিয়ে পানি দিয়ে গুলিয়ে খাওয়ার পরিকল্পনা করে। পরে একটি বড় বোতলের ভেতর পানি দিয়ে মিশিয়ে স্যালাইন ভেবে তারা ১০ জন মাছি মারার বিষ খেয়ে ফেলে।স্কুলশিক্ষিকা শাহনাজ বেগম জানান, খবর পেয়ে তাঁরা ক্লাসে এসে দেখেন, দ্বিতীয় শ্রেণীর ১০ ছাত্র ক্লাসের ভেতর বমি করছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় তাঁরা ছাত্রদের মাথায় পানি ঢালেন। তার পরও বেশি অসুস্থ হয়ে পড়লে ছাত্রদের অভিভাবকদের খবর দেওয়া হয় এবং অসুস্থ ছাত্রদের দ্রুত ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল হামিদ জানান, অসুস্থ ১০ জন ছাত্রের মধ্যে পাঁচজনের পাকস্থলী থেকে বিষ বের করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম জানান, ঘটনার পর পর দোকানদারকে পাওয়া যায়নি। দোকানদার দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় দোকানদার ও ছাত্রের মা সমান দোষ করেছেন। এদিকে ঈশ্বরদীর ইউএনও জাকির হোসেন জানান, এ ঘটনা তদন্তের জন্য এবং দোকানে কীভাবে কীটনাষক বিক্রি হয়, তা দেখার জন্য ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) শামীম আহমেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।