স্যুটকেসের ভেতর কিশোরীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ থানা এলাকার একটি ডোবায় ভেসে ওঠা নীল রঙের স্যুটকেসের ভেতর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বেলা তিনটার দিকে হাজারীবাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, ওই কিশোরীর বয়স ১০ থেকে ১১ বছর হতে পারে বলে তারা ধারণা করছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বেলা তিনটায় হাজারীবাগের বেড়িবাঁধ কালোনগর এলাকার একটি ডোবায় নীল রঙের একটি স্যুটকেস ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসটি উদ্ধার করে এর ভেতরে এক কিশোরীর লাশ দেখতে পায়।
ওসি আরও জানান, লাশটি বিকৃত ছিল। তার পুরো শরীর ওড়না দিয়ে পেঁচানো। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ধরন জানা যাবে।