স্যুপের ফ্লাস্কে ট্যাগ ছিল: বিএফসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ ধরনের প্রায় ১০০ পদের খাবার তৈরি হয় হজরত শাহজালাল বিমানবন্দর এলাকার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে। ফাইল ছবি
এ ধরনের প্রায় ১০০ পদের খাবার তৈরি হয় হজরত শাহজালাল বিমানবন্দর এলাকার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে। ফাইল ছবি

ভিয়েনা যাওয়ার সময় বাংলাদেশ বিমানে প্রধানমন্ত্রীর খাবারের মধ্যে স্যুপের দুটি ফ্লাস্কে নিরাপত্তা ট্যাগ লাগানোর ক্ষেত্রে কারও গাফিলতি আছে কি না, তা তদন্তে দুটি কমিটি হয়েছে। 

দুদিনের সফরে গত সোমবার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার একটি বোয়িংয়ে অস্ট্রিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ফ্লাইটে প্রধানমন্ত্রীর জন্য যে খাবার দেওয়া হয়, তার মধ্যে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সরবরাহ করা স্যুপের দুটি ফ্লাস্কে নিরাপত্তা ট্যাগের সিরিয়াল নম্বরের সঙ্গে এসএসএফের লগবইতে থাকা সিরিয়াল নম্বর মেলেনি। ফলে এসএসএফ ওই স্যুপের ফ্লাস্ক দুটি ফেরত পাঠিয়ে দেয়। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে বিএফসিসির সহকারী ব্যবস্থাপক নুরুল মোমিন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর বের হয় যে প্রধানমন্ত্রীর খাবারের ফ্লাস্কে নিরাপত্তা ট্যাগ ছিল না। এ বিষয়ে জানতে চাইলে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) উপমহাব্যবস্থাপক জামালউদ্দিন তালুকদার আজ বুধবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর জন্য তৈরি স্যুপের দুটি ফ্লাস্কে ট্যাগ ছিল না, এ খবর ঠিক নয়। ট্যাগ ছিল, ট্যাগের ওপর নম্বরও লেখা ছিল। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, রন্ধনশালাসহ বিএফসিসি ভবনে স্থাপিত ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আশা করা যায়, আগামী শুক্রবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।
বিএফসিসির একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) জন্য প্রস্তুত করা খাবার বিমানের চিফ মেডিকেল অফিসার, সিভিল সার্জন, বিমানের নিরাপত্তা কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা খেয়ে পরীক্ষা করেন। এরপর এসব খাবার বিএফসিসির মিল কার্টে (খাবার রাখার বক্স) ভরে নিরাপত্তা সংস্থার নিয়ন্ত্রণে দেওয়া হয়। তারা তা সিলগালা করে ফ্রিজে রাখে। প্রতিটি সিলে একটি সিরিয়াল নম্বর দিয়ে তা এসএসএফের লগবইতে লিখে রাখা হয়।
প্রধানমন্ত্রীর ফ্লাইটের জন্য ওই দুটি ফ্লাস্কের একটিতে চিকেন কর্ন স্যুপ ও অন্যটিতে ভেজিটেবল স্যুপ ছিল। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খাবার পরীক্ষা করে একটি কক্ষে সিলগালা করে ফ্রিজে রাখা হয়। এরপর সকালে গাড়ি করে খাবারগুলো বিমানবন্দরে পাঠানো হয়। সেখান থেকে খাবারগুলো বিমানে ওঠানোর সময় স্যুপের ফ্লাস্ক দুটির ট্যাগের সিরিয়াল নম্বরের সঙ্গে লগবইতে থাকা সিরিয়াল নম্বরের মিল না থাকায় সেগুলো ফেরত পাঠায় এসএসএফ।
বিএফসিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, কিন্তু কোনো কারণে বা ভুলে প্রথমে ওই দুটি ফ্লাস্কে সিলগালায় ট্যাগ লাগানো হয়নি। পরে ট্যাগ লাগিয়ে সিরিয়াল নম্বর দেওয়া হয়। কিন্তু তা লগবইয়ের সঙ্গে মেলেনি।
বিমানের অন্য একটি সূত্র জানায়, ফ্লাস্কের স্যুপ পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিমানের উপমহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) মাকসুদুর রেজার নেতৃত্বে একটি এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাকিন বিল্লাহ ফারুকীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে।
বিএফসিসি সূত্র জানায়, বাংলাদেশ বিমান ছাড়াও বিএফসিসি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মালয়েশিয়ান এয়ারলাইনস, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনস, ড্রাগন এয়ার ও টার্কিশ এয়ারলাইনস খাবার নিয়ে থাকে। প্রতিদিন এসব বিমান সংস্থায় প্রায় আট হাজার যাত্রীর খাবার বিএফসিসির রন্ধনশালা থেকে সরবরাহ করা হয়। এখানে ৫৮৫ জন কর্মী কাজ করেন। সরাসরি রান্না করেন ১২০ জন শেফ। বিএফসিসি ভবনের বাইরে ও ভেতর মিলিয়ে ২৪টি গোপন ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানো আছে। এর মধ্যে রন্ধনশালার বিভিন্ন অংশে রয়েছে সাতটি ক্যামেরা।