স্যুয়ারেজের বিষাক্ত গ্যাসে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় স্যুয়ারেজ লাইন (পয়োনিষ্কাশন নর্দমা) পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন আরও এক কর্মী।
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে মানিকনগর মডেল স্কুলের সামনে জিরানী খালসংলগ্ন স্যুয়ারেজ লাইনে এ দুর্ঘটনা ঘটে।
যে দুজনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন নুরু মিয়া (৬০) ও দিলা মিয়া (৫৫)। নুরু নামের আরেকজন কর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আজ বিকেলে তিন-চারজন পরিচ্ছন্নতাকর্মী জিরানী খালসংলগ্ন স্যুয়ারেজ লাইন পরিষ্কারে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসে তিনজনই অচেতন হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোয়া চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরু মিয়া ও দিলা মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।