স্রোত আর ভাঙনের ঝুঁকিতে দৌলতদিয়া ফেরিঘাট
প্রচণ্ড স্রোতে পদ্মার দৌলতদিয়া ঘাটে ভাঙন অব্যাহত রয়েছে। এই ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের চারটিই ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে ভাঙনের কবলে পড়ায় দুই ও তিন নম্বর ঘাট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অন্য দুটি ঘাটের অবস্থাও এখন-তখন।
এক ও চার নম্বর ঘাট দিয়ে সীমিতভাবে ফেরিতে যানবাহন পারাপার চলছে। এ কারণে দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দের দিকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
গোয়ালন্দের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) অচল দুটি ফেরিঘাট মেরামতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। গতকাল বুধবার ১৮ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে তিন নম্বর ঘাটটি দিয়ে যানবাহন পারাপারের জন্য প্রস্তুত করা হয়। তীব্র স্রোতে দুই ঘণ্টা পরই এটি আবার ভেঙে যায়। দুই নম্বর ঘাটটিও সচল করা যাচ্ছে না।
বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মহীদুল ইসলাম বলেন, সব ঘাটই ঝুঁকিপূর্ণ। পাটুরিয়া থেকে আসার পরও ফেরিগুলো স্রোতের তোড়ে দাঁড়াতে পারছে না। পানির স্রোতের কারণে তিন নম্বর ঘাটে ভাঙনের মাত্রা যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব আবার পাশের চার নম্বর ঘাটে গিয়েও পড়ার আশঙ্কা রয়েছে। তবে যত দ্রুত সম্ভব সব ঘাট প্রস্তুত করতে বিআইডব্লিউটিএ কাজ করছে বলে জানান তিনি।
খুলনা থেকে আসা ঈগল পরিবহনের চালক শরীফুজ্জামান জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে তিনি গোয়ালন্দ বাজারের সামনে এসে আটকা পড়েন। ১২ ঘণ্টায় দৌলতদিয়া পেট্রলপাম্প পর্যন্ত কেবল দুই কিলোমিটার এগোতে পেরেছেন। তাঁর যাত্রীদের অন্য একটি গাড়িতে তুলে দেওয়া হয়েছে। তবে ঈদে ঘরমুখী মানুষ বহনে তাঁকে ঢাকায় যেতেই হবে।