মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি নৌপথে গতকাল রোববার প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ঈদের সময় থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে মোট ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সম্প্রতি উজান থেকে ঢল ও বর্ষার পানি বৃদ্ধির কারণে পদ্মায় প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়। এতে ফেরি ও লঞ্চ চলাচলে সমস্যা হচ্ছে। ছোট ফেরিগুলো স্রোতের মধ্যে সামনে এগোতে পারছে না। নদী পার হলেও ফেরি ও লঞ্চগুলোকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। শনিবার রাত থেকে নয়টি ফেরি বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা বলেন, পানি বাড়ার সঙ্গে স্রোতও দিন দিন বাড়ছে। যেভাবে পানি বাড়ছে, সামনে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। উজানের পানির সঙ্গে পলিমাটি এসে চ্যানেল ও আশপাশে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। এখন স্রোতের কারণে ফেরি চলতে পারছে না। আর যখন পানি কমবে, তখন চ্যানেল ভরাট হয়ে যাওয়ায় ফেরি আটকে যাবে। ফলে দুই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এ নৌপথকে। তিনি আরও বলেন, এখন পানি থাকতেই খনন করে চ্যানেল স্বাভাবিক রাখা প্রয়োজন, না হলে পানি কমে গেলে খননে সমস্যায় পড়তে হবে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় গতকাল নদীর দুই পাশে পাঁচ শতাধিক গাড়ি যানজটে আটকা পড়ে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক রয়েছে দেড় থেকে দুই শ। বেলা ১১টার দিকে যাত্রী আয়শা আক্তার বলেন, ‘নদীতে যে স্রোত, তাতে লঞ্চ সামনের দিকে যেতেই পারছে না। এ অবস্থায় ফেরিতে করে নির্বিঘ্নে পার হব ভেবেছিলাম। শুনছি, ফেরিও নাকি স্রোতের কারণে চলতে পারছে না। ভাসিয়ে নিয়ে যায়।’
মাওয়া ঘাটের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই মোশারফ হোসেন বলেন, নদীতে প্রচণ্ড স্রোত। টানা ফেরি ও ছোট ফেরি চলতেই পারছে না। রো রো ফেরি (বড় ফেরি) শাহপরান গতকাল সকাল নয়টায় শিমুলিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে গিয়েছিল। তবে মাঝনদীতে প্রচণ্ড স্রোত শাহপরানকে ভাসিয়ে চরে নিয়ে যায়। পাঁচ ঘণ্টা পর চর থেকে এটি উদ্ধার করা হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন আহমেদ বলেন, স্রোতের কারণে ফেরি চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। স্রোতের মুখে চলতে না পারায় সাতটি টানা ফেরি ও দুটি ছোট ফেরি বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে যানবাহন পারাপারে স্বাভাবিক অবস্থার তুলনায় দ্বিগুণের বেশি সময় লাগছে। এ ছাড়া কয়েকটি ফেরি বিকল হয়ে পড়ায় ঘাটে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে দুর্ভোগ এড়াতে তিনি যানবাহনের মালিক ও চালকদের ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলোকে অন্য রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সারা দিনই পাটুরিয়ায় নদী পার হতে আসা যানবাহনের দীর্ঘ সারি ছিল। সকালে যানবাহনের সারি পাটুরিয়া ঘাট এলাকা ছাড়িয়ে উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটারজুড়ে বিস্তৃত হয়। দুপুরের পর যানবাহনের সারি কিছুটা কমে আসে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আড়পাড়া পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাস ও শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে ছিল। এ ছাড়া পাটুরিয়ায় টার্মিনালে তিন শতাধিক ট্রাক পার্কিং করা ছিল। আটকে থাকা এসব যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
পাটুরিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আনোয়ার হোসেন বলেন, ঘাটে যানবাহনের চাপ কমছে না। এসব যানবাহন সুশৃঙ্খলভাবে ফেরিতে ওঠাতে ট্রাফিক পুলিশের সদস্যরা সহায়তা করছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীবাহী বাসগুলোকে আগে পার করা হচ্ছে। এ কারণে ঘাটে ট্রাকের সংখ্যা বাড়ছে।