স্রোতে উদ্ধারকাজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে সাড়ে সাত লাখ লিটার পেট্রল ও ডিজেল নিয়ে ডুবে যাওয়া ওটি মেহের জাহাজের সন্ধান মিলেছে। তবে গতকাল শনিবার রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। খরস্রোতের কারণে তাঁরা উদ্ধারকাজ স্থগিত করেন। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, শুক্রবার বিকেলে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ হামজা, নারায়ণগঞ্জ থেকে অনুসন্ধানকারী জাহাজ সন্ধানী ও উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে। জাহাজগুলো গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা সন্ধান চালিয়ে দুর্ঘটনাকবলিত মেঘনা নদীর ৮১ ফুট পানির নিচে ওই তেলের জাহাজের অবস্থান নিশ্চিত করে।ওটি মেহেরের উদ্ধারে সরাসরি কাজ করছে বিআইডব্লিউটিএ ও নৌবাহিনী। তবে তাদের সহায়তা করছে উপকূলরক্ষীরা। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা হতে তেলবাহী জাহাজ মেহের থেকে বুদ্বুদ করে তেল বের হচ্ছে ও তা নদীর পানিতে ভেসে যাচ্ছে। গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে তেল বের হতে দেখা গেছে। উদ্ধারকাজ পরিচালনাকারী বিআইডব্লিউটিএর উপসচিব (প্রশাসন) এ কে এম আরিফউদ্দিন বলেন, ভাটার কারণে বেলা একটার দিকে প্রচণ্ড স্রোতের মধ্যে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এখনো (গতকাল রাত আটটা) উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা বলেন, ‘তেলসহ ওই জাহাজের ওজন ৭০০ টনের বেশি। আমাদের উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তমের ধারণক্ষমতা মাত্র ১২০ টন। এত ভারী জাহাজ উদ্ধার করা সম্ভব হবে কি না, বলা যাচ্ছে না।’ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. সামসুদ্দোহা খন্দকার বলেন, ‘ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার উদ্ধারে বরিশালে এসেছি। তবে গভীরতা বেশি ও স্রোত থাকায় সমস্যা হচ্ছে। ডুবুরিরা ৪০ ফুটের নিচে যেতে পারছেন না। তেল যে পরিমাণ বের হচ্ছে, তাতে খুব একটা সমস্যা হবে না। এর পরও পরিবেশদূষণ ঠেকাতে প্রয়োজনে বিকল্প পদ্ধতিতে তেল বের করে নেওয়ারও চেষ্টা করা হবে।’ চট্টগ্রাম থেকে তেল নিয়ে আসা মেহের জাহাজটি বুধবার রাতে মেহেন্দীগঞ্জের গোবিন্দপুর এলাকা অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে আসা ফজলুল হক-৩ জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে তেলবাহী মেহের জাহাজ নদীতে ডুবে যায়। এখনো জাহাজের কর্মচারী নিজাম উদ্দিন নিখোঁজ রয়েছেন।মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ফজলুল হক-৩ জাহাজটি আটক করা হয়েছে। এর বিরুদ্ধে মামলা হয়েছে। কমিটি গঠন: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, তেলভর্তি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় গত শুক্রবার তিন সদস্যের কমিটি গঠন করেছে নৌবাণিজ্য অধিদপ্তর। দুর্ঘটনার কারণ ও দায়দায়িত্ব নিরূপণ করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক হচ্ছেন নৌবাণিজ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের প্রকৌশলী ও জরিপকারক শফিকুল ইসলাম। অপর দুই সদস্য হচ্ছেন বরিশালের অভ্যন্তরীণ নৌযান জরিপকারক মাইনুদ্দিন জুলফিকার এবং বরিশাল অঞ্চলের নৌযান পরিদর্শক মারুফ হোসেন।