স্রোতে খননকাজ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে গত চার দিনে ফের পানি বাড়ায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল স্বাভাবিক করার জন্য শুরু করা খননকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই ফেরি চলাচলে পুনরায় সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের শুরু থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরি চলাচল স্বাভাবিক রাখার জন্য ২২ আগস্ট বিআইডব্লিউটিএ ড্রেজার (খননযন্ত্র) দিয়ে খননকাজ শুরু করে। পরে ২৬ আগস্ট থেকে বিআইডব্লিউটিএ অপর একটি ড্রেজার দিয়ে অ্যাপ্রোচ (মূল) চ্যানেলে খনন শুরু করে। দুটি ড্রেজার দিয়ে একত্রে খননের পরও কাজ হচ্ছিল না।এ কারণে চলতি মাসের প্রথম দিকে বারবার ফেরিগুলো ডুবোচরে আটকে যাচ্ছিল। পরে কর্তৃপক্ষ আরেকটি ভাড়া করা ড্রেজার দিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে ফেরি ঘাটের বেসিনে (পন্টুনের সামনের অংশ) খননকাজ শুরু করে। কিন্তু এখন স্রোত বাড়ায় অ্যাপ্রোচ চ্যানেলে খননকাজ করা যাচ্ছে না। বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, কয়েক দিন একত্রে তিনটি ড্রেজার অ্যাপ্রোচ (মূল) চ্যানেল ও বেসিনে বসিয়ে খনন করা হয়। গত চার দিনে প্রায় ৯০ সেন্টিমিটার পানি বাড়ায় স্রোতও বেড়ে যায়। স্রোতের সঙ্গে পলি ভেসে এসে চ্যানেল ভরে যাওয়ায় সম্পূর্ণ কাজ ভেস্তে যেতে বসেছে।