স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত, যানজট
ফেরিস্বল্পতা ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া নৌপথের দূরত্ব বাড়ায় নদী পারাপারে ফেরির অতিরিক্ত সময় লাগছে। এ কারণে নদী পার হতে আসা যানবাহনগুলোকে ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। উভয় ঘাটে যানজটের কবলে পড়ে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে প্রবল স্রোতের কারণে গন্তব্যে পৌঁছাতে লঞ্চের যাত্রীদেরও বেশি সময় লাগছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারের জন্য ১০টি রো রো (বড়) ফেরির মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী ও শাহজালাল নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। বাকি সাতটি রো রো ফেরি দিয়ে বর্তমানে যানবাহন পারাপার করা হচ্ছে। এ ছাড়া কে-টাইপ (মাঝারি) ফেরি কপোতী ও কুমারী সচল থাকলেও সেগুলো অল্পসংখ্যক যানবাহন ও ভিআইপিদের গাড়ি পারাপারে ব্যস্ত থাকে। এ কারণে উভয় ঘাট এলাকায় যানজট লেগেই থাকছে। সূত্র আরও জানায়, উজান থেকে পানি প্রবাহিত হওয়ায় নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হচ্ছে। এ কারণে স্রোতের বিপরীতে অন্তত দুই কিলোমিটার নৌপথ ঘুরে ফেরিগুলোকে গন্তব্যে ছুটতে হচ্ছে। এতে স্বাভাবিকের চেয়ে সময় দিগুণ লাগায় ফেরির ট্রিপসংখ্যা কমে গেছে। এসব কারণে উভয় ঘাটে প্রায়ই যানজট দেখা দেয়। গত রোববার ও গতকাল সোমবার পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে পাটুরিয়া ঘাট থেকে উজানে অতিরিক্ত পথ ঘুরে দৌলতদিয়ায় যেতে হচ্ছে। একইভাবে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসতে প্রতিটি ফেরির অতিরিক্ত সময় লাগছে। গতকাল পাটুরিয়া ঘাট এলাকা থেকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। ফেরি শাহপরানের চালক (মাস্টার) শফিকুল ইসলাম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এমভি পর্বত নামের একটি লঞ্চের মাস্টার বলেন, নদীপথের দূরত্ব বেড়ে যাওয়ায় পারাপারে সময় বেশি লাগছে। এতে জ্বালানিখরচ বেড়ে গেছে। কিন্তু ভাড়া বাড়েনি। এতে লঞ্চমালিক ও শ্রমিকদের আয় কমে গেছে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, ‘স্রোতের কারণে ফেরি পারাপারে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগছে। এ ছাড়া চাহিদার তুলনায় ফেরির সংখ্যা কম থাকায় উভয় ঘাট এলাকায় প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে।’