স্রোতের চাপে হুমকিতে ভোলা শহররক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার প্রভাবে স্রোতের চাপ বাড়ায় ভোলা শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। পানির চাপে গত ছয় দিনে বাঁধসংলগ্ন এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে দুই শতাধিক পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার তাদের বসতঘর ও মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। শিগগিরই ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক ও বালুর বস্তা না ফেললে শহর রক্ষা বাঁধ ধসে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে।গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা গেছে, জোয়ারে পানির উচ্চতা বাড়ায় বাঁধে ঢেউয়ের আঘাত লাগছে। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর স্রোত ভোলা সদর উপজেলার তুলাতুলি লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের ব্লক ও বালুর বস্তা (জিও ব্যাগ) ভাসিয়ে নিচ্ছে। এখান থেকে ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি ও কাচিয়া ইউনিয়নের পশ্চিম কাচিয়া হয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের উত্তর ইলিশা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার এলাকায় বাঁধের পাশে কোনো ব্লক নেই। এ জন্য ওই এলাকায় ভাঙন বেড়েছে।এলাকাবাসী জানান, গত বছর যখন নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়, তখন নতুন বাঁধ থেকে পুরোনো বাঁধের দূরত্ব ছিল প্রায় ১০ চেইন (এক চেইনে ১৫০ হাত)। এখন ভাঙতে ভাঙতে এটি ৩০ থেকে ৪০ হাতে নেমে এসেছে। পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি, উত্তর ইলিশা, মুরাদ সফুল্লা, কালুপুর ও দক্ষিণ ইলিশা গ্রাম ভাঙনের কবলে পড়েছে। পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজ বলেন, গত ছয় দিনে এ এলাকার ১১০টি পরিবার ভাঙনের কবলে পড়ে এলাকা ত্যাগ করেছে।বৃহস্পতিবার কাঠির মাথা বাজার এলাকায় দেখা গেছে, দুলাল মিয়া তাঁর একমাত্র চায়ের দোকানটি নদীর তীর থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ‘গত সোমবার বসতভিটাটিও সরিয়ে বাঁধের ওপর রেখেছি।’ দুলালের মতো জাফর, আবদুস সামাদ ও আবদুর রহিমের দোকানের ভিটাও মেঘনায় বিলীন হয়ে গেছে।কাচিয়া ইউপির চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ভাঙনে কাচিয়া ইউনিয়নের আটটি গ্রামের মধ্যে পাঁচটি বিলীন হয়ে গেছে। যদি শহর রক্ষা বাঁধের গায়ে ব্লক না ফেলা হয়, তাহলে বাকি তিনটি গ্রামও ভেঙে যাবে। বৃহস্পতিবার বালিয়াকান্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘর ভেঙে গেছে। এ ছাড়া সাদেক বাঘা, নুর ইসলাম বাঘা, আজাদ, ইসারুল, বাসু কাজী, মনির কাজী, সিডু কাজী, সামসুল বেপারীর পরিবারসহ শতাধিক পরিবার ভাঙনের কারণে তাদের বসতঘর অন্যত্র সরিয়ে নিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘ভোলাকে রক্ষার জন্য ভোলা শহর রক্ষা বাঁধের গায়ে ব্লক ফেলা জরুরি। কয়েক বছর আগেই আমরা ব্লক ফেলার জন্য ১৮৯ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছি। বর্তমানে সেটি একনেকে আছে। আশা করা যাচ্ছে, এ বছরে প্রকল্প পাস হবে।’