স্রোতের টানে ডুবে নিখোঁজ দুই ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে ডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ায় পশ্চিমপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক নদীতে দুই স্কুলছাত্রের নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চলছে।

ইউপির চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে আরামবাড়িয়ার ঘাটে নদীর বাঁধ দেখতে এসে দুই স্কুলছাত্র তাদের স্কুলব্যাগ ও জুতা রেখে নদীতে নামে। কিছুক্ষণের মধ্যেই স্রোতের টানে দুজনই নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর তাদের উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা করা হয়। খবর পেয়ে ঈশ্বরদী থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করে।

নদীর পাড়ে ফেলে রাখা স্কুলব্যাগের ভেতর বই ও বেতনের রসিদ থেকে দুই ছাত্রের নাম পাওয়া গেছে। তারা হলো ঈশ্বরদীর এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এহসানুল ইসলাম ও তৌহিদুর রহমান। তাদের মধ্যে এহসানের বাড়ি ঈশ্বরদীর আমবাগান এলাকায়। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। তৌহিদুর রহমানের বাড়ি শহরের শেরশাহ রোডের ফকিরের বটতলা এলাকায়। সে আবদুর রহমানের ছেলে। পুলিশ ও ইউপির চেয়ারম্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঈশ্বরদীর ইউএনও নাছরিন আক্তার প্রথম আলোকে জানান, উদ্ধারের জন্য দমকল বাহিনীর সদস্য ও ডুবুরি নামানো হয়েছে। তিনি এলাকা পরিদর্শন করেছেন। খবর পেয়ে নিখোঁজ দুই স্কুলছাত্রের বাবা নদীর পাড়ে ছুটে এসেছেন।