স্লুইসগেট বন্ধ, জলাবদ্ধতায় তিন গ্রামে চাষ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ভূঁইয়ারহাওলা, ছোট বাইশদিয়া ও কাউখালী গ্রামে প্রায় দেড় হাজার একর জমিতে আমন চাষ ব্যাহত হচ্ছে। ওই তিন গ্রামের কৃষকেরা জানান, জলাবদ্ধতার কারণে তাঁরা এখন পর্যন্ত আমনের বীজতলা তৈরি করতে পারেননি। এলাকার প্রভাবশালীরা মাছ ধরার জন্য ওই তিন গ্রামের পানিনিষ্কাশনের একমাত্র পথ কাউখালী খালের স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছেন। এ কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভূঁইয়ারহাওলা গ্রামের কৃষক মো. জয়নাল আবেদীন হাওলাদার (৬৫) বলেন, ‘১৮ একর জমিতে আমন চাষ করার জন্য এ বছর লোকজন রাখছি। পানিতে সব ডুইব্যা রইছে। অ্যাহন পর্যন্ত বীজতলা করতে পারি নাই। কবে পারমু, তারও কোনো ঠিক নাই। বর্ষার শুরুতেই কাউখালী স্লুইসগেট আটকাইয়া রাখছে। আমরা চেয়ারম্যানরে জানাইছি। উনিও কোনো ব্যবস্থা করছেন না।’নাম প্রকাশ না করার শর্তে ছোট বাইশদিয়া গ্রামের একাধিক কৃষক জানান, ইউপি চেয়ারম্যান ও রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদারের লোকজনই মাছ ধরার জন্য কাউখালী স্লুইসগেটটি বন্ধ করে রেখেছেন।গত মঙ্গলবার দুপুরে ওই তিনটি গ্রাম ঘুরে দেখা গেছে, পুরো এলাকার ফসলি জমি তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। অনেক বাড়ির আঙিনায়ও পানি উঠেছে। আর পানিনিষ্কাশনের একমাত্র পথ কাউখালী স্লুইসগেটের দুটি দরজাই বন্ধ। ছোট বাইশদিয়া ইউপির চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদার মুঠোফোনে বলেন, ‘এলাকার কেউ কেউ মাছ ধরার জন্য কাউখালী স্লুইসগেটটি বন্ধ করে রেখেছে। আমি স্লুইসগেটটি খুলে দেওয়ার ব্যবস্থা করব। আশা করি, খুব বেশি বৃষ্টি না হলে কয়েক দিনের মধ্যেই পানি নেমে যাবে। তবে স্থায়ীভাবে এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ওই একটি স্লুইসগেটই যথেষ্ট নয়।’