স্লুইসগেট বন্ধ থাকায় আউশ-আমন পুড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের দক্ষিণ চলনবিলে পানির অভাবে প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির আউশ ও আমন ধানের গাছ লালচে হয়ে যাচ্ছে। একই সঙ্গে রোপা আমন চাষ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, পাবনার চাটমোহর উপজেলার নূরনগর গ্রামের কিনু সরকারের ‘ধর’ নামে একটি স্লুইসগেট ১৫ দিন ধরে বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এই গেট দিয়ে গুমানী নদী থেকে আসা পানি দক্ষিণ চলনবিলে ঢোকে।কৃষকেরা জানান, এ বছর প্রচুর বৃষ্টি হলেও দক্ষিণ চলনবিলে পানি ঢুকতে পারেনি। পানির অভাবে গোড়া শুকিয়ে গিয়ে গাছ লালচে হয়ে যাচ্ছে। পানি না দিতে পারলে ধানগাছ মরে যাবে।কৃষকেরা আরও জানান, চলনবিলের চাটমোহর উপজেলার কিনু সরকারের ধর এলাকার স্লুইসগেটটি আটকে রাখায় দক্ষিণ চলনবিলের গুরুদাসপুর উপজেলার চলনালী, পোয়ালশুরা, পাঁচশিশা, সোনাবাজুর, পাটপাড়া, শিধুলিসহ বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকতে পারছে না।পাঁচশিশা গ্রামের কৃষক কাওছার জানান, প্রতিবছরই স্লুইসগেট দিয়ে আসা পানির মাধ্যমে আউশ ও আমন ধানের আবাদ হয়। এ বছর এই ধানগাছগুলো পানির অভাবে শুকিয়ে মরে যাওয়ার উপক্রম হয়েছে।পোয়ালশুরা গ্রামের কৃষক আবদুল ওয়াহাব মিয়া জানান, তাঁর আট বিঘা জমির ধানগাছ রোদে পুড়ে নষ্ট হচ্ছে। কিনু সরকারের ধরটি (স্লুইসগেট) খুলে দিলে জমিতে পানি আসবে। এতে হাজার হাজার কৃষক উপকৃত হবে।চলনালী গ্রামের কৃষক রাশিদুল ইসলাম জানান, স্লুইসগেটটির কারণে দক্ষিণ চলনবিলে পানি ঢুকতে পারেনি। অথচ ওই পানির ওপর নির্ভর করেই কৃষকেরা আউশ, আমনসহ রোপা আমন আবাদ করেন। কিন্তু এবার ধানগাছের গোড়ায় পানি জমে না থাকায় প্রচণ্ড রোদের উত্তাপে ধানগাছ এখন রং বদলাচ্ছে।গুরুদাসপুর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর আউশ ও আমন ধানের চারা পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্লুইসগেটটি খুলে দিলেই জমিতে পানি ঢুকবে। এতে ধানগাছ সতেজ হয়ে উঠবে।