স্লুইসগেট ভেঙে বিচ্ছিন্ন ১০ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের শকুনী খালের মুখে বেড়িবাঁধের ওপর একটি স্লুইসগেট ভেঙে গেছে। এতে ১০ গ্রামের মানুষ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের শকুনী খালের মুখে বেড়িবাঁধের ওপর একটি স্লুইসগেট ভেঙে গেছে। এতে ১০ গ্রামের মানুষ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ফেনীর সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের শকুনী খালের মুখে বেড়িবাঁধের ওপর একটি জলকপাট (স্লুইসগেট) ভেঙে উপজেলার দুটি ইউনিয়নের দশ গ্রামের সড়ক যোগাযোগবিচ্ছিন হয়ে গেছে। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছে প্রায় ৪০ হাজার মানুষ। গত সোমবার দুপুরে প্রবল স্রোতের তোড়ে প্রায় ৫০ বছরের পুরোনো এই স্লুইসগেটটি ধসে পড়ে।

উপজেলা সদরে যাতায়াতের জন্য এই বেড়িবাঁধ সড়কটিই একমাত্র ভরসা। এই রাস্তা ধরে চর চান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া, উত্তর চর চান্দিয়া, উত্তর-পশ্চিম চর চান্দিয়া, চর সাহাভিকারী, দক্ষিণ চর দরবেশ, মধ্যম চর দরবেশ, উত্তর চর দরবেশ, আদর্শ গ্রাম, দক্ষিণ-পশ্চিম চর দরবেশ, পূর্ব চর হাজারী গ্রামের বাসিন্দারা যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় ৫০ বছর আগে ছোট ফেনী নদীর ভাটিতে সাগরের লোনা পানি প্রবেশ বন্ধ এবং চাষাবাদের সুবিধার্থে ওই স্লুইসগেটটি নির্মাণ করা হয়। কিন্তু গত দুই দশকে স্লুইসগেটটির কোনো ধরনের সংস্কারকাজ হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এটির সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে অনেকবার দাবি জানিয়েছে। কিন্তু কাজ হয় নি। গত কিছু দিনের বৃষ্টিতে স্লুইসগেটটি নাজুক হয়ে পড়ে। সর্বশেষ সোমবার ভারী বৃষ্টি ও প্রবল স্রোতে এটি ভেঙে যায়। 

উত্তর চর দরবেশ গ্রামের বাসিন্দা আবুল কালাম অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে স্লুইসগেটটি ভেঙে গেছে। এতে তাঁদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, এটি সংস্কারের জন্য পরিষদের পক্ষ থেকে স্থানীয় পাউবোর কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেয়নি।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, স্লুইসগেটটি ভেঙে অন্তত এক শ মিটার অংশ পানিতে বিলীন হয়ে গেছে। চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় স্লুইসগেটের ভাঙা সরু অংশের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে পার হচ্ছে লোকজন।

স্লুইসগেট ভাঙার খবর শুনে গতকাল স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তার আগে গত সোমবার বিকেলে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, বাসিন্দারা যাতে আপাতত চলাচল করতে পারে সে জন্য দ্রুত একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম বলেন, স্লুইসগেটটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হবে।

এলজিইডির সহকারী প্রকৌশলী আহমেদ শফি বলেন, স্লুইসগেটটি মেরামতের পর এলজিইডি বেড়িবাঁধ ও সড়ক মেরামত করবে।