স্লুইসগেট সংস্কার না করায় চার গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডরে ক্ষতিগ্রস্ত একটি স্লুইসগেট গত চার বছরেও সংস্কার না করায় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চারটি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নলটোনা ইউনিয়নের পশ্চিম নিশানবাড়িয়া এলাকায় বিষখালী নদীর স্লুইসগেটটি ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যায়। দুই পাশের মাটি সরে যাওয়ায় অমাবস্যা-পূর্ণিমার অধিক উচ্চতার জোয়ারে পূর্ব ও পশ্চিম নিশানবাড়িয়া, গাজী মাহমুদ, আমতলা—এ চার গ্রামের কয়েক হাজার বাড়িঘর পানিতে প্লাবিত হয়। এ ছাড়া স্বাভাবিক জোয়ারের সময় লবণাক্ত পানি ফসলি জমিতে ঢুকে পড়ে।পশ্চিম নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা জয়নাল মোল্লা বলেন, ‘আমবইস্যা-পূর্ণিমার সময় মোগো বাড়িঘরে দিনে-রাইতে দুইবার জোয়ারের পানি ওডে; চুলা-চাটকি, ঘর-দুয়ার সব তলাইয়্যা যায়। হেই সময় মোগো রান্ধন-খাওন বন্ধ থাহে। হারা রাইত ঘুমাইতে পারি না। পোলাপান লইয়্যা চহির ওপরে বইয়্যা থাহি।’ নলটোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, ‘নিশানবাড়িয়া স্লুইসগেটটি নদীগর্ভে চলে যাওয়ায় বিভিন্ন সময় জোয়ারের পানিতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। শুনেছি স্লুইসগেটটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় এ মৌসুমেও এর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে না।’পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহাম্মদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্লুইসগেটটি সংস্কার করা সম্ভব নয়। তাই ওই এলাকায় আরেকটি নতুন স্লুইসগেট নির্মাণ করা হবে। শিগগির এর নির্মাণকাজ শুরু হবে।’