
জলাবদ্ধতার অভিশাপ থেকে আগ্রাবাদ ও হালিশহরবাসীকে রক্ষা করতে মহেশ খালে স্লুইসগেট (জলকপাট) নির্মাণের দাবিতে গণজমায়েত ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ‘জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। নগরের আগ্রাবাদ এক্সেস রোডের একটি কমিউনিটি সেন্টারের সামনে এই গণজমায়েত হয়।
গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইব্রাহিমের সভাপতিত্বে গণজমায়েত কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম, বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ।
গণজমায়েতে খোরশেদ আলম বলেন, আগ্রাবাদ ও হালিশহর এলাকা বন্দরের সঙ্গে সংযুক্ত। তাই নগরের এসব এলাকাকে সচল রাখার দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের। আর গত ২৫ বছরে যাঁরা এই এলাকার প্রতিনিধিত্ব করেছেন তাঁরা জনগণের নয়, নিজেদের সমৃদ্ধির জন্য কাজ করেছেন। সংসদে তাঁরা চুপ থাকেন, বিজনেস হাউসে থাকেন সচল।
গণজমায়েত শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় মোমবাতি প্রজ্বালন করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।