স্লুইসগেটের পাটা খুলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে সাতক্ষীরার খোলপেটুয়া নদীর খাজরা ও বড়দল ইউনিয়নের বামনডাঙা সংযোগ খালের স্লুইসগেটের পাটা খুলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ সময় ভেসে গেছে ছোট-বড় শতাধিক চিংড়িঘের। পানিবন্দী হয়ে পড়েছে ৭৫টি পরিবার। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।আশাশুনি উপজেলার তুয়ারডাঙা গ্রামের মামুন হোসেন, তোফায়েল হোসেন, সালাউদ্দিন আহম্মেদসহ কয়েকজন চিংড়িঘেরের মালিক জানান, বামনডাঙা স্লুইসগেটের লোহার পাটাটি দীর্ঘদিনের পুরোনো। যেকোনো মুহূর্তে পাটা খুলে জোয়ারের পানি ঢুকে চিংড়িঘের ও ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের এসওকে (সেকশন অফিসার) জানানো হয়। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। মঙ্গলবার রাতে বৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে স্লুইসগেটের পাটা খুলে তাঁদের ছোট-বড় শতাধিক চিংড়িঘের ভেসে যায়।বামনডাঙা গ্রামের আবুল কালাম, শহীদুল ইসলামসহ কয়েকজন জানান, স্লুইসগেটের পাটা খুলে বৃষ্টি ও জোয়ারের পানিতে ৭৫টি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গতকাল বুধবার সকালে ভাটায় পানি নেমে যাওয়ার পর স্থানীয় লোকজন দড়ি দিয়ে পাটা বেঁধে দিয়েছে। তবে যেকোনো মুহূর্তে ওই দড়ি ছিঁড়ে আবারও পানি ঢুকে তুয়ারডাঙা, বুড়িয়াসহ বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-১-এর আশাশুনি শাখার এসও মো. শাহীনুল ইসলাম জানান, খবর পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। গেটের পাটা মেরামতের চেষ্টা চলছে।