স্লুুইসগেট, কৃষকের মরণফাঁদ
ঘূর্ণিঝড় সিডরে আমতলী উপজেলায় অকেজো হয়ে যাওয়া স্লুইসগেটগুলো গত চার বছরেও মেরামত করা হয়নি। এ কারণে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমিতে প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিবছর নষ্ট হচ্ছে বীজতলা ও ফসল। এ ছাড়া প্রতিবছরই নদী ও সাগরের লোনাপানি ঢোকায় জমিতে লবণাক্ততার পরিমাণ বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলীর ৭২টি স্লুইসগেটের মধ্যে ষাটের দশকে নির্মিত ৩৫টি স্লুইসগেট মেরামতের অভাবে এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল। ২০০৭ সালের সিডরে পানির তোড়ে উপজেলার জয়ালভাঙ্গা, তেঁতুলবাড়িয়া, কড়ইবাড়িয়া, পঁচাকোরালিয়া, আরপাঙ্গাসিয়া, ঘটখালী, হলদিয়া, গুলিশাখালীসহ বিভিন্ন এলাকার ১৫টি স্লুইসগেট সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা ও কড়ইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোল্লা জানান, সিডরের পর থেকে প্রতিবছর অতিবর্ষণ ও নদীর পানি ঢুকে উপজেলার নিচু এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অকেজো স্লুইসগেটগুলো দিয়ে অমাবস্যা ও পূর্ণিমার জোর সময় জমিতে নদীর পানি ঢোকে। কিন্তু স্লুইসগেটগুলোর মুখে পলি জমে থাকায় এই পানি আর বের হতে পারে না। তাই এই স্লুইসগেটগুলো কৃষকদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ বছরের পুরোনো বাকি ২০টি স্লুইসগেট আংশিক অকেজো হয়ে আছে। এ ছাড়া স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে নির্মিত স্লুইসগেটগুলোও অব্যবস্থাপনার কারণে কৃষকদের তেমন কোনো কাজে আসছে না। পাউবোর আমতলী কার্যালয়ের কার্য-সহকারী আলমগীর হোসেন বলেন, স্লুইসগেটগুলো নির্মাণের পর রক্ষণাবেক্ষণের জন্য ‘স্লুইস খালাসি’ নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে স্থানীয়ভাবে ‘স্লুইসগেট রক্ষণাবেক্ষণ কমিটি’ গঠন করা হলে কার্যত স্থানীয় প্রভাবশালীদের হাতে স্লুইসগেটগুলোর নিয়ন্ত্রণ চলে যায়। তাঁরা মাছ ধরার জন্য স্লুইসগেটগুলোর যথেচ্ছ ব্যবহার করেন ঠিকই, কিন্তু সুষ্ঠু রক্ষণাবেক্ষণ বা মেরামতের দিকে দৃষ্টি দেননি। এ কারণে শুকনো মৌসুমে কৃষক প্রয়োজনমতো পানি যেমন পান না, তেমনি বর্ষার সময়ে জলাবদ্ধতায় ফসলহানিও ঘটছে ব্যাপক হারে। সরেজমিনে দেখা গেছে, জয়ালভাঙ্গা, তেঁতুলবাড়িয়ার স্লুইসগেট দুটি নদীভাঙনের শিকার হয়েছে। অধিকাংশ স্লুইসগেটের দুই নদীভাঙনের শিকার হয়েছে। অধিকাংশ স্লুইসগেটের দুই পাশের সিসি ব্লক ধসে গেছে। স্লুইসগেটগুলোর সিসি স্লাব বন্যায় ভেসে গেছে, লিফটগেট ভেঙে পড়েছে। কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারসংলগ্ন স্লুইসগেটের সিসি ব্লক সরে গেছে, লিফটগেট ভাঙা। উত্তর টিয়াখালীর স্লুইসগেটটি জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে। সোনাউটা, বৈঠাকাটা, ঘুঘুমারী, বান্দ্রা, কালীবাড়ি এলাকার স্লুইসগেটগুলোর অবস্থা একই রকম। তালতলীর ৪৪ ও ৪৫ নম্বর পোল্ডারের মোট ছয়টি স্লুইসগেট কোনো কাজে আসছে না। সাগর ও নদীর জোয়ারে পানি ওঠানামা করছে। এ কারণে ওই এলাকার ফসলি জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় চাষযোগ্য জমির পরিমাণ কমছে বলে উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, আমতলীতে চলতি মৌসুমে তিন হাজার ৪০০ হেক্টর জমিতে আমনের বীজতলার মধ্যে জলাবদ্ধতার কারণে ৪৮০ হেক্টরের বীজতলা সম্পূর্ণ এবং দুই হাজার হেক্টর জমির বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কালীবাড়ি গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, তিনি ১৫ বিঘা জমিতে আমনের বীজতলা করেছিলেন। বীজতলায় পানি জমে পুরোটাই নষ্ট হয়ে গেছে। কচুপাত্রা গ্রামের ইব্রাহীম হাওলাদার বলেন, ‘চার বছর ধইরা আমাগো কড়ইবাড়িয়া ইউনিয়নের ১৮টি গ্রামের বেশির ভাগ জমি জলাবদ্ধ হইয়া রইছে। আমরা চাষ থুইয়া এহন মাছ ধরি। লবণপানির কারণে জমিতে ধান-পান হইতে চায় না। সিডরে সুলিজগুলা (স্লুইসগেটগুলো) নষ্ট হইয়া গেছে। আর হোমান (মেরামত) করা হয় নাই।’ উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে এক হাজারের বেশি ছোটবড় খাল ছিল। স্লুইসগেটগুলোর সমস্যার কারণে বেশির ভাগ খাল মরে গেছে। কৃষককে সেচ ও পানি নিষ্কাশন দুটোর জন্যই কাঁদতে হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনার নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, বরগুনা ও পাথরঘাটায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী শুকনো মৌসুমে আমতলীতে স্লুইসগেটসহ বেড়িবাঁধের কাজ করা হবে।