স্লোগান, গান আবৃত্তিতে উত্তাল চট্টগ্রাম
‘কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘বাঁচাও দেশ, বাঁচাও জাতি’, ‘তুই রাজাকার, তুই রাজাকার’—গতকাল বুধবার এমন নানা স্লোগানে উত্তাল ছিল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর। স্লোগানের পাশাপাশি চলছিল আবৃত্তি, জাগরণের গান। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিকেল থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি রাতে আরও উত্তাল হয়ে ওঠে। ‘সামপ্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম’-এর এসব আয়োজন আর স্লোগানে প্রতিবাদমুখর হয়ে ওঠে।কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানের মতো বন্দরনগর চট্টগ্রামেও নানা কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। তবে বিকেলের পর থেকে শুরু করে বিভিন্ন স্থানের কর্মসূচিগুলো গিয়ে মিলেছে প্রেসক্লাব চত্বরে। সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী মানুষের অবস্থান বেড়েছে। প্রেসক্লাবে ‘সামপ্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম’ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। গতকাল বিকেল হতে না-হতেই শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে জড়ো হতে থাকেন প্রেসক্লাব চত্বরে। ধীরে ধীরে এই কর্মসূচি পরিণত হয় জনতার সমাবেশে। আঁকা হয় প্রতিবাদী আলপনা। চলতে থাকে প্রতিবাদী কবিতা আর গান পরিবেশনা। এর সঙ্গে গলা মেলান সব বয়সী মানুষ। সমাবেশে সংহতি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশে দুইটা আদালত। একটা জনতার আদালত আরেকটা আইনের আদালত। শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে জনতার আদালতে বহু আগেই এসব রাজাকারের ফাঁসি হয়েছে। আমরা সেই রায় দেখতে চাই।’প্রেসক্লাবের কর্মসূচিতে যোগ দেন নারীনেত্রী নূরজাহান খান, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, দেলোয়ার হোসেন মজুমদার, গণফোরামের সাধারণ সম্পাদক জানে আলম, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও হাসান ফেরদৌস, কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল চৌধুরী প্রমূখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ছাত্র ফেডারেশন, প্রজন্ম একাত্তর, পরিবেশ ছাত্র ফোরাম, গণসংহতি আন্দোলন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এর আগে বেলা ১১টায় নগরের লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। জ্বালানো হয় কুশপুত্তলিকা। দুপুর ১২টায় নগরের প্রবর্তক মোড়ে হাতে হাত রেখে অবস্থান কর্মসূচি শুরু করেন চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এখানেও রাজাকারের কুশপুত্তলিকা পোড়ানো হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজাকারের প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।