স্লোগান দিতে দিতেই চলে গেলেন কার্টুনিস্ট শান্ত
শাহবাগের প্রজন্ম চত্বরে স্লোগান দিতে দিতে হূদেরাগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেলেন কার্টুনিস্ট ও নাট্যনির্দেশক তারিকুল ইসলাম ওরফে শান্ত (৩৯)। গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।শাহবাগ ও পারিবারিক সূত্রগুলো জানায়, প্রজন্ম চত্বরে সংহতি জানাতে তারিকুল ইসলামও প্রতিদিনের মতো বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে শুরু করেন দৃপ্তকণ্ঠের স্লোগান। স্লোগান দিতে দিতে একপর্যায়ে হূদেরাগে আক্রান্ত হয়ে সেখানেই তিনি পড়ে যান। অন্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর শুনে স্লোগানমুখর শাহবাগ কিছুক্ষণের জন্য স্তব্ধতায় ঢেকে যায়। তাঁর মৃত্যুর ঘটনায় বিকেল পাঁচটা ৫৯ মিনিট থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়।শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগের প্রধান সজল ব্যানার্জী প্রথম আলোকে বলেন, ‘তিনি হঠাৎ হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।’ তারিকুল প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই। পরিবার নিয়ে পশ্চিম নাখালপাড়ার পৈতৃক বাড়িতে বসবাস করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলে। কার্টুনিস্ট হিসেবে ভোরের কাগজ পত্রিকায় কর্মজীবন শুরু করেন তিনি। পাশাপাশি উন্মাদ পত্রিকার সঙ্গেও ছিলেন। ‘কল্পদূত কমিকস’ ছিল তাঁর নিজস্ব উদ্যোগ। নাট্যকার ও পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন।শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, সন্ধ্যায় পশ্চিম নাখালপাড়ার বাড়িতে তাঁর মরদেহ আনা হয়েছে। পরে সেখানে রেলগেট মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হবে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে। তারিকুলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।