সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে লামাবাসী
‘আমরা পাহাড়ের মানুষ, আমাদের রাস্তা-ঘাটের তেমন একটা প্রয়োজন নাই। দলটলও বুঝি না। যে প্রার্থী সৎ, যোগ্য, বিচার-আচার ভালো তাঁরেই ভোট দিব।’ কথাগুলো বলছিলেন বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী এলাকার বাসিন্দা ম্রা মং চিং মার্মা (৪০)। আগামীকাল মঙ্গলবার লামায় পৌরসভা নির্বাচন। ভোটার ১০ হাজার ৫৬৮ জন। প্রায় নয় বছর পর এখানে নির্বাচন হচ্ছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম (দেয়ালঘড়ি), বিএনপি-সমর্থিত মো. আমির হোসেন (দোয়াতকলম), বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবু মুছা (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম আরিফ চৌধুরী (চশমা)।স্থানীয় ভোটারেরা জানান, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হচ্ছেন হাতিয়াপন্থী আর বিএনপি-সমর্থিত প্রার্থী হচ্ছেন নোয়াখালীপন্থী। সাবেক বিলছড়ি পাড়ার কার্বারী মং ভাগ্য মার্মা (৬২) বলেন, একটি গোষ্ঠীর কারণে দীর্ঘদিন ধরে পাহাড়িরা জমিজমা হারাচ্ছে। তাই নির্বাচনে পাহাড়িরা তার জবাব দেবে। সেখানে কে কোন দলের প্রার্থী তা বিবেচ্য নয়। হাতিয়াপন্থী ভোটার শুক্কুর আলী (৫৫) বলেন, ‘আমাগো প্রার্থী সরকারি দলের। তাই অন্য অঞ্চলের ভোটারেরা সুযোগ-সুবিধা পাওয়ার হিসাব মাথায় রেখে তাঁকেই ভোট দেবেন।’ নোয়াখালীপন্থী ভোটার তোফাজ্জল মিয়া (৫০) বলেন, ‘হাতিয়ার লোকজনের ইমেজ ভালো না। পাহাড়িরা তাদের পছন্দ করে না। তাই ভোটের পাল্লা আমাদের দিকেই ভারী।’