সৎ প্রার্থী পছন্দের শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব ও অসহায়দের জন্য যাঁরা কাজ করবেন তাঁদের ভোট দেবেন মৌলভীবাজার পৌরসভার কিছুসংখ্যক ভোটার। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেও ভোট দেবেন অনেকে। গতকাল মঙ্গলবার পৌরসভার নানা শ্রেণি ও পেশার ভোটারের সঙ্গে কথা বলে পৌরসভা নির্বাচন নিয়ে তাঁদের এসব প্রতিক্রিয়া জানা গেছে।
পৌরসভা নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ভোটের হিসাব-নিকাশ ততই ওলট-পালট হচ্ছে। ভোটাররাও কথাবার্তায় সতর্ক হয়ে উঠছেন। ঘোর সমর্থক ছাড়া প্রকাশ্যে কিছু বলে সাধারণ ভোটারদের কেউ কারও বিরাগভাজন হতে রাজি না। আবার এখনো অনেকে কাকে ভোট দেবেন, তা ঠিক করতে পারেননি। তবে তাঁরা নানা দৃষ্টিকোণ থেকে তাঁদের প্রত্যাশার কথা জানিয়েছেন।
কেমন প্রার্থীকে ভোট দেবেন—এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকার ছমরু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আসলে নীতি দেখে ভোট দিতে চাই। কিন্তু সব প্রার্থীই পরিচিত। কারে ভোট দিতাম কারে না এটাই এখন চিন্তা। কাউরে তো ফেলতে পারি না। তবে এটা ভাবছি গরিবের স্বার্থ যে দেখব, গরিবে ডাক দিলে যে রাস্তায় দাঁড়াইব তারেই ভোট দিমু। ১০-১১টা পর্যন্ত ঘুমাই থাকবা আর গরিব মানুষ গিয়া পাইত না—এমন মানুষেরে ভোট দিতাম না।’
মধ্যপাড়া এলাকার চিত্রশিল্পী মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভোট দিয়া তো কোনো লাভ নাই। ভোট একটা দেওয়া লাগে তাই দিই। এখনো কাকে ভোট দিব ঠিক করিনি। তবে শেষমেশ চিন্তাভাবনা করে দেখব। যার কাছ থেকে সহযোগিতা পাব, যারে ভালো লাগবে। তাকেই ভোট দিব।’
একই রকম অবস্থা মুচি রনজু ঋষির (৪৪)। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া লাগে। এর লাগি ভোট দিতে হয়। এখনো সঠিক প্রার্থী পাইনি। দেখি, গরিবরে যার মায়া লাগে। তাকেই ভোট দিব ভাবছি।’ তবে কীভাবে এই গরিবকে মায়া লাগার লোক বাছাই করবেন, এ বিষয়ে তাঁর কোনো স্পষ্ট ধারণা নেই। মুচকি হাসি দিয়ে সামনের দিকে চলে যান তিনি।
সংস্কৃতিকর্মী রমাপদ ভট্টাচার্য ভোট দেওয়া নিয়ে এখনো দ্বিধাগ্রস্ত। তাঁর চিন্তাভাবনার সঙ্গে যায় এমন প্রার্থী নেই বলে তিনি ভোট নিয়ে ততটা ভাবেন না। তিনি বলেন, ‘আমার পছন্দের প্রার্থী নেই। তারপরও সুষ্ঠু নির্বাচন হলে ভালো।’ সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁর সংশয় কেন জানতে চাইলে তিনি ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনের দিকে ইঙ্গিত করেন।
গোবিন্দশ্রী এলাকার জবু মিয়া বলেন, ‘ভোট দেখতে তো ভালোই লাগের। কিন্তু ভোট শেষে কাজের বেলা তো কিছু পাই না। আমরা চাই ভালো মেয়র, ভালো কাউন্সিলর নির্বাচিত হউক। এলাকার উন্নয়ন হবে। নির্বাচন শেষে সব প্রার্থীই যার যার বোঝ লইয়া পাগল। ভোটাররাও সঠিক বাছবিচার করে ভোট দেয় না।’
শহরের কোর্ট রোডের চৌমোহনা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. জামাল মিয়া প্রথম আলোকেবলেন, ‘আমরা চাই এলাকার উন্নয়ন হবে। বিশুদ্ধ পানি পাব। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর থাকবে। শহরে যানজট হবে না। রাতের শহর আলোকিত থাকবে। কিন্তু নির্বাচনের পর অনেক সময় তা পাই না। আশাহত হই। তারপরও আমরা আবার ভোট দিই। পৌর পিতা হিসেবে একজন ভালো মানুষের আশায় এই চক্রেই আমরা ঘুরছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তো নির্বাচনের বিকল্প নেই।’
মৌলভীবাজার শহরের কোর্ট রোডের মধ্যপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি চা-স্টলে বসে কথা হয় জহরলাল দত্তের সঙ্গে। তিনি বলেন, ‘ভোট বাঙালির কাছে একটি বিরাট উৎসব। উৎসবে অনেক হইচই করে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ভোট দেয়। একজন ভালো মানুষ নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন হতে পারে। নীতি-নৈতিকতা প্রতিষ্ঠা লাভ করবে। কিন্তু এমন একজন ভালো মানুষও এসব পদে গিয়ে ভালো থাকতে পারেন না।’