সৎ বাবাকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের শিশু রবিউল ইসলামের ওপর নির্মমতার ঘটনায় তার সৎ বাবা মো. জাহাঙ্গীরকে আসামি করে রাজধানীর বনানী থানায় মামলা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন প্রথম আলোকে জানান, শিশুটির মা নাসিমা বেগম গত বৃহস্পতিবার রাতে মামলা করেছেন। রবিউল ও নাসিমার বক্তব্যের ওপর ভিত্তি করে জাহাঙ্গীরকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীর শিশুটির দুই হাত কেটে দিয়েছেন। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।রবিউল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। পঙ্গু হাসপাতাল সূত্র জানায়, শিশুটিকে অস্ত্রোপচার কক্ষের পাশে ইমার্জেন্সি রিকভারি কক্ষের একটি শয্যায় রাখা হয়েছে। তার সঙ্গে মা ও ছোট ভাইবোনেরা আছে। তার যথাযথ চিকিৎসা চলছে।গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দুই হাত কাটা, রক্তাক্ত ও অচেতন অবস্থায় কয়েকজন লোক রবিউলকে অজ্ঞাতনামা হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকারি কর্মকর্তা রোকসানা কামার তার চিকিৎসার দায়িত্ব নেন। তিনি ১৬ মার্চ শিশুটিকে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। শিশুটির অভিযোগ, সৎ বাবা তার হাত কেটেছে।শিশুটিকে নিয়ে গণমাধ্যমে আবার প্রতিবেদন প্রকাশিত হলে বনানী থানার পুলিশ বিষয়টি জানতে বৃহস্পতিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) যায়। পুলিশ সেদিনই শিশুটিকে নিয়ে তার দেখানো মতে কড়াইল বস্তিতে গিয়ে মা ও ভাইবোনদের খুঁজে বের করে। তখন শিশুটির মা পুলিশকে জানান, রবিউল ১২ ফেব্রুয়ারি কড়াইল বস্তির ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল।