সৎ ব্যবসা করা সামাজিক দায়িত্ব ঠিকমতো কর দেওয়া নৈতিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা মেনে সারা জীবন ব্যবসা করেছি। তরুণ প্রজন্মেরও উচিত একইভাবে ব্যবসায় এগিয়ে আসা। সেটি হলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দেশের সীমানা ছাড়িয়ে ব্যবসা পরিচালনা করতে পারবে।’ ব্যবসায় নোবেলখ্যাত বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২ পাওয়ার পর প্রথম আলো কার্যালয়ে দেওয়া এক সংবর্ধনায় এভাবেই অনুভূতি প্রকাশ করলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। গতকাল বুধবার বিকেলে তাঁকে প্রথম আলোর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। লতিফুর রহমান এ সময় বলেন, ‘এই পুরস্কার পাওয়ার কথা যখন আমি প্রথম জানলাম, তখনো আমি এর গুরুত্ব ভালোভাবে জানতাম না। পরে ওয়েবসাইটে গিয়ে এর আগে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের নাম দেখে বুঝলাম এই পুরস্কার অত্যন্ত সম্মানের।’ লতিফুর রহমান বলেন, ‘ব্যবসায়ী হিসেবে সৎ ভাবে ব্যবসা করা আমার সামাজিক দায়িত্ব। ঠিকমতো কর দেওয়া আমার নৈতিকতা। আমি মনে করি, প্রতিদিন আমরা এই চর্চা করছি। যে পণ্যই আমরা মানুষকে দিচ্ছি, সেটি যেন সবচেয়ে ভালো হয় সেটি আমরা মাথায় রাখি। এই পুরস্কার পাওয়ার পর সেই চাপটা আরও বেড়ে গেল। লোকজন এখন অনেক বেশি চাইবে।’ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘লতিফুর রহমানের এই পুরস্কার পাওয়া সবার জন্য অত্যন্ত আনন্দের। ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়িত্বশীলতার কারণে লতিফুর রহমান এই পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের মতো একটি দেশে একজন ব্যবসায়ী নৈতিকতার জন্য পুরস্কার পাচ্ছেন, এটি গর্বের। আমরা সবাই সম্মানিত বোধ করছি।’ ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘কিছু কিছু পুরস্কার আছে, বলার মধ্যেও আনন্দ আছে। এটি তেমনই একটি পুরস্কার। সততার জন্য পুরস্কার। হঠাৎ করে মেধাবী হওয়া যায়, কিন্তু হঠাৎ করে সৎ বা নৈতিক হওয়া যায় না। এটি দীর্ঘদিনের প্রক্রিয়া।’অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন। শুরুতে লতিফুর রহমানকে ফুল ও উপহার দেওয়া হয়। বক্তব্য দেন ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ক্রীড়াসম্পাদক উৎপল শুভ্র, বার্তা সম্পাদক শওকত হোসেন, বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক রশিদুর রহমান, হিসাবরক্ষণ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন প্রমুখ।