বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘আমাদের সমাজে গরিব মানুষ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হয়। অথচ ক্ষমতাবানদের বিচার হয় না। এসব বড় বড় অপরাধী একে অন্যকে সহযোগিতা করে। তাদের ঐক্য আছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে এখন সৎ মানুষের ঐক্যের প্রয়োজন।’সাবেক আইন পরিষদের সদস্য খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। খান বাহাদুর বদি আহমদ স্মৃতি সংসদ সভার আয়োজন করে।কামাল হোসেন বলেন, ‘খান বাহাদুর বদি আহমদ ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করেছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ন্যায্য অধিকার আদায় করেছিলেন। বর্তমান সংসদেও আমরা তাঁর মতো যোগ্য মানুষের প্রতিনিধিত্ব চাই। কালো টাকার প্রতিনিধিত্ব চাই না। ভালো মানুষকে নির্বাচিত হতে কোনো টাকা দিতে হয় না।’কামাল হোসেন সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তিনি সাম্প্রতিক শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করে বলেন, ৩০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। অথচ এই টাকা দিয়ে দেশে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যেত।বিশিষ্ট এই আইনজীবী তদন্ত কমিশনের চেয়ারম্যানকে বিতর্কিত করে তোলার সমালোচনা করে বলেন, কারও চরিত্র হনন করে বেশি দূর এগোনো যাবে না। যুক্তি দিয়ে, তথ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রকৃত অপরাধীদের শাস্তি পেতে হবে। স্মৃতি সংসদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ কফিল উদ্দিন, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, শিল্পপতি সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।