সৎ রাজনীতিবিদেরা মধ্য থেকে নিম্নবিত্তবান হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে এখন দখলদারির বিপরীতে দখলদারি চলছে। সমাজের অসাম্প্রদায়িক চেতনাও কলুষিত হয়ে গেছে। প্রকৃত সৎ রাজনীতিবিদেরা ক্রমশ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের অবস্থানে চলে যাচ্ছেন। চট্টগ্রামে গতকাল শনিবার ‘রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে রাজনীতিবিদদের নিকট প্রত্যাশা ও আমাদের করণীয়: একটি তুলনামূলক গবেষণা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বেসরকারি সংগঠন ন্যাশনাল ডায়ালগ ফাউন্ডেশন (এনডিএফ)। আলোচকদের বেশির ভাগই ছিলেন তরুণ পেশাজীবী। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাঁরা যেটা বলেন, সেটা যেন বিশ্বাস করেন। আর যেটা বিশ্বাস করেন, সেটাই যেন বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী বলেন, শিক্ষক রাজনীতির ইতিবাচক দিক থাকা সত্ত্বেও অনেকে উপাচার্য হওয়ার জন্য রাজনীতি করেন। তাঁরাই মূলত শিক্ষক রাজনীতিকে কলুষিত করছেন। প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘এখনকার যেসব ছাত্রছাত্রী রাজনীতি নিয়ে বীতশ্রদ্ধ, তাঁরা তথ্যপ্রযুক্তি ও বিশ্বরাজনীতি নিয়ে অনেক বেশি খোঁজ রাখেন। তাঁদের কেন প্রগতিশীল রাজনীতিতে আনা যাচ্ছে না? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুবই হতাশাজনক।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার হোসেন রাজনীতিবর্জিত উপদেষ্টাদের ত্যাগ করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। এনডিএফের চেয়ারম্যান কাজী ছানোয়ার আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলম, মাসুম আহমেদ, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ।