সৎ সাংবাদিকতা ও সত্য বলার সাহস হচ্ছে ‘প্রথম আলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশব ও কৈশোর পেরিয়ে প্রথম আলো মধ্যগগনে পৌঁছেছে। দীর্ঘ ১৩ বছরের পথচলায় প্রথম আলোর যত সাফল্য এসেছে, তার পেছনে কাজ করেছে সৎ সাংবাদিকতা আর সত্য বলার সাহস। আরও বেশি পাঠকের আস্থা অর্জনে আগামী দিনেও সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখতে হবে।গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক ও কর্মীরা এই প্রত্যয় রেখেছেন। রাজধানীতে প্রথম আলোর প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং প্রথম আলোর সম্পাদকসহ সব বিভাগের সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।আজ ১৩ বছর পূর্তির দিনে পত্রিকাটি পাঁচ লাখ তিন হাজার কপি প্রকাশ করবে উল্লেখ করে সম্পাদক মতিউর রহমান বলেন, ভবিষ্যতে এই সংখ্যা ১০ লাখে উত্তীর্ণ করতে সবাইকে কাজ করতে হবে। দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আগামী দিনে প্রথম আলো বদলে যাওয়ার মিছিলে যোগ দেওয়ার জন্য প্রচারাভিযান চালাবে।ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশে সৎ সাংবাদিকতার বড় সাফল্য হচ্ছে প্রথম আলো। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদপত্রশিল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ভারতসহ বিশ্বের অনেক দেশে সংবাদপত্রের ওপর মালিকদের নিয়ন্ত্রণ বাড়ছে। কিন্তু প্রথম আলো ও ডেইলি স্টার-এর মালিকপক্ষ পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে।প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেড এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘প্রথম আলো প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই আমরা বলেছিলাম, স্বাধীন সাংবাদিকতা করতে হলে পত্রিকাকে আর্থিকভাবে সফল হতে হবে।’ সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে কয়েকটি পত্রিকার অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অপপ্রচারের সময় পাঠক প্রথম আলোর পাশে থেকেছে। আমাদের প্রচারসংখ্যা বেড়েছে।’অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসি নিয়েলসন একটি স্বাধীন জরিপ চালিয়ে দেখেছে, প্রতিদিন ৫৩ লাখ পাঠক প্রথম আলো পড়ে। এই ধারা অব্যাহত রেখে পাঠকসংখ্যা আরও বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।উপসম্পাদক আনিসুল হক বলেন, পাঠকদের মনের মধ্যে প্রথম আলোর প্রভাব আছে। একে কাজে লাগিয়ে দেশটাকে ইতিবাচকভাবে বদলে দিতে হবে।অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, ফিচার সম্পাদক সুমনা শারমিন, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, বার্তা সম্পাদক শওকত হোসেন, শাহেদ মুহাম্মদ আলী, সেলিম খানসহ সব বিভাগের প্রধান ও কর্মীরা উপস্থিত ছিলেন।