সৎভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সৎভাইকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বরগুনা জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামের মোতালেব ব্যাপারী (৫৭)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামের সোহারাফ হোসেনের সঙ্গে তাঁর সৎভাই মোতালেব ব্যাপারীর বিরোধ চলছিল। এর জের ধরে মোতালেব ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে বাড়ির সামনের একটি দোকানে বসা অবস্থায় সোহারাফকে ছুরিকাঘাতে হত্যা করেন। ঘটনার পর এলাকার লোকজন মোতালেবকে আটক করে বরগুনা থানায় সোপর্দ করেন। পরে মোতালেব হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় নিহত সোহারাফের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানায়, মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেয়।
জেলা জজ আদালতের পিপি ভুবন চন্দ্র হাওলাদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে।