সিলেটের কানাইঘাটে মাদ্রাসাশিক্ষক আবু তাহের হত্যা মামলার রায়ে তাঁর সৎভাইকে ফাঁসি এবং মাদ্রসাশিক্ষকের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মঞ্জুরুল হক খান এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন কানাইঘাটের দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের আবদুর রহমান (৪২) ও মাদ্রাসাশিক্ষকের স্ত্রী মনোয়ারা বেগম (৪১)। পাশাপাশি আবদুর রহমানকে এক লাখ টাকা ও মনোয়ারা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতের কাঠগড়া থেকে দুজনকে কারাগারে নেওয়া হয়। আদালত সূত্রে জানা য়ায়, আবু তাহের সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়দেশ হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বড়দেশ এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। এ জন্য আবু তাহের এক মাস পর পর ব্রাক্ষণগ্রামে নিজ বাড়িতে যাতায়াত করতেন।২০০৭ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে আবু তাহেরকে হত্যা করা হয়। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনোয়ারা ও আবদুর রহমান প্রচার চালিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করতে চাইলে এলাকাবাসীর সন্দেহ হয়। পুলিশকে খবর দেওয়া হলে আবু তাহেরের সৎভাই আবদুর রহমান ও স্ত্রী মনোয়ারা বেগম বাড়ি থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হন।