সৎভাইয়ের হাতে শিশু খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে মৃজারচর মোলাকান্দি এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সৎভাইয়ের হাতে দেড় বছরের শিশু খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের আঘাতে সৎমা ও নিজের বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক রাজীব মোল্লা (১৮) পলাতক। পুলিশ, পারি-বারিক ও স্থানীয় সূত্র জানায়, বাঁশকান্দি ইউনিয়নের মৃজারচর মোলাকান্দি এলাকায় ভ্যানচালক হায়দার মোল্লার প্রথম স্ত্রী সাত বছর আগে স্বামী-সন্তান ছেড়ে বিয়ে করে চলে যান। কিন্তু সেই ঘরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি আগের স্বামী হায়দার মোল্লার ঘরে ফিরে আসতে চান। রাজীব নিজ মাকে ঘরে আবার ফিরিয়ে আনতে বাবাকে চাপ দেন। এ ব্যাপারে বাদ সাধেন বর্তমান সৎমা নাজমা বেগম। এ কারণে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজীব মোল্লা সৎভাই ইব্রাহিম মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। শিশুটির চিৎকারে ওর মা নাজমা বেগম এগিয়ে এলে রাজীব তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এ সময় রাজীবের আপন বোন বাতাসী (১৪) সৎমাকে বাঁচাতে এলে বোনকেও কোপ দেন রাজীব। এরপর তিনি পালিয়ে যান। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে শিশু ইব্রাহিম, নাজমা বেগম ও বাতাসীকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে শিশু ইব্রাহিম মারা যায়। রাজীব পেশায় কাঠমিস্ত্রি।শিবচর উপ-জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানসী রানী সরকার বলেন, ইব্রাহিমের বাম হাত, ডান পা ও পেটের তিন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নাজমার মাথায় কোপ ও বাতাসীর পেট ও ডান হাতেও আঘাত রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর পাঠানো হয়েছে। শিবচর থানার ওসি আ. রাজ্জাক পিপিএম বলেন, ঘটনার পর থেকে রাজীব পলাতক। শিশুটির লাশ ফরিদপুর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার কাজ প্রক্রিয়াধীন।