সৎমা ও ভাইদের নির্যাতনে কিশোরীর মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৎমা ও তাঁর সন্তানদের নির্যাতনে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল শুক্রবার ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার শাখাইতি গ্রাম থেকে গতকাল লাকী বেগম (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। লাকীর বড় ভাই সেলিম মিয়া (১৯) বলেন, ‘বাবা আবদুল খালেক দুই বিয়ে করেছেন। মা আমাকে, ছোট বোন লাকী ও ভাই সালমান মিয়াকে রেখে দেড় বছর আগে মারা যান। এরপর সৎমা ও তাঁর তিন ছেলে আমাদের ওপর নির্যাতন চালান। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ও সালমান বাড়ি ছেড়ে চলে যাই। মেয়ে হওয়ায় সৎমা ও ভাইদের নির্যাতন সহ্য করেই লাকী ওই পরিবারে থেকে যায়।’
সেলিম মিয়া আরও বলেন, টাকার অভাবে গত বুধবার খালাম্মার দেওয়া ৪০০ টাকা দামের একটি রুপার চেইন বিক্রি করে লাকী। এ কথা শোনার পর বাবা তাকে চড় মারেন। এরপর সৎমা ও তিন ভাই মিলে ওই রাতেই লাকীর ওপর নির্যাতন চালান। এ কারণে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এরপর লাকী আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, লাশ উদ্ধারের সময় লাকী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানানো হয়। তবে প্রাথমিক তদন্তে লাকীর বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি।