সৎমাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
বাগেরহাটে হাসিনা বেগম (৪৫) নামের এক নারীকে হত্যার দায়ে ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হাসিনা বেগম ফারুক শেখের সৎমা ছিলেন। আদালত যাবজ্জীবনের পাশাপাশি ফারুক শেখকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। সোমবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের মোকসেদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী জানান, দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ মাদকাসক্ত। পৈতৃক জমি নিয়ে সৎমা হাসিনার সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ ছিল। ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে হাসিনা বেগম নিজ বাড়ির উঠানে সাংসারিক কাজ করছিলেন। সে সময় ফারুকের সঙ্গে ঝগড়াবিবাদের একপর্যায়ে ফারুক সৎমা হাসিনা বেগমকে দরজার ডাশা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। হাসিনার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সে সময় ফারুক দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেন। গুরুতর আহত হাসিনাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, হত্যাকাণ্ডের পরদিন ৬ জুলাই নিহত হাসিনা বেগমের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে সৎভাই ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেন। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক লুৎফর রহমান ওই বছরের ৮ সেপ্টেম্বর ফারুক শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত বিচারের সময় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেন।