সৎমাকে হত্যার দায়ে যাবজ্জীবন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গৃহবধূ রাশিদা বেগমকে (৪৫) হত্যার দায়ে তাঁর সৎছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন গতকাল সোমবার বিকেলে এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম সারোয়ার হোসেন সবুজ (২৮)। তাঁর বাবার নাম হযরত আলী। তিনি যোগানিয়া কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। একই সঙ্গে সারোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, হযরত আলী ২৮-২৯ বছর আগে রাশিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে রাশিদা বেগমের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে সারোয়ারের দ্বন্দ্ব ও কলহ চলছিল। এর জের ধরে ২০১১ সালের ২১ সেপ্টেম্বর রাতে সারোয়ার ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে রাশিদাকে হত্যা করে লাশ খড় দিয়ে ঢেকে রাখেন। বাড়িতে এসে হযরত আলী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাশিদার ছোট ভাই মো. রজব আলী মামলা করেন। পরে সারোয়ারকে পুলিশ গ্রেপ্তার করলে তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দেন। ২০১১ সালের ১৫ ডিসেম্বর পুলিশ সারোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।