সৎমায়ের এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্কুলছাত্র আবদুল্লাহ আল মাসফির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার সৎমা তাসলিমা সফা কুমকুমের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী গতকাল বৃহস্পতিবার শুনানির পর এ আদেশ দেন। হালিশহর থানার পুলিশ কুমকুমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।পুলিশ বলছে, মাসফিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে।হালিশহরের এ ব্লকের ১ নম্বর সড়কের ১৫ নম্বর লেনের ১০ নম্বর বাসা থেকে পুলিশ গত বুধবার বিকেলে স্থানীয় গরীবে নেওয়াজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাসফির লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, মঙ্গলবার দিনের বেলায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল নয়টায় কুমকুম ওই বাসা থেকে বহদ্দারহাটে তাঁর বাবার বাসায় বেড়াতে যান। এ সময় মাসফির বাবা রাঙামাটি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন রাঙামাটিতে ছিলেন।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘মৃত্যুর আলামত দেখে আমরা মাসফির সৎমা কুমকুমকে সন্দেহ করছি। তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মাসফির বাবাও আমাদের সামনে কুমকুমকে সন্দেহ করে কিছু মন্তব্য করেছেন, তা আমরা যাচাই করে দেখছি।’পুলিশ সূত্র জানায়, হালিশহরের ওই বাসা থেকে ডালমাখা ভাত, রান্না ডাল, পরটা ও খাবারের পানি আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ গতকাল সিআইডির চট্টগ্রাম কার্যালয়ের রসায়নাগারে পাঠিয়েছে। মৃত্যুর পর মাসফির মুখ দিয়ে বের হওয়া লালাও পরীক্ষার জন্য রসায়নাগারে পাঠানো হয়।গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাসফির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে সুরতহাল করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এতে তার হাত নীল দেখা গেছে।ছেলের মৃত্যুর জন্য কাউকে সন্দেহ করছেন কি না, জানতে চাইলে গতকাল বিকেলে আবদুল্লাহ আল মামুন কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি বলেন, ‘অনেককে আমি সন্দেহ করছি। পুলিশ মূল হোতাদের বের করবে।’এ মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদুল ইসলাম।প্রসঙ্গত, বনিবনা না হওয়ায় ২০০৬ সালে মাসফির মায়ের সঙ্গে মামুনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মাসফি বাবার সঙ্গেই থাকত। ২০০৮ সালে পটিয়ার মেয়ে কুমকুমকে বিয়ে করেন মামুন। নতুন সংসারে তাঁদের এক বছর বয়সী এক সন্তান রয়েছে।