সৎমেয়েকে গরম খুন্তির ছ্যাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা চুরির অভিযোগে এক মা তাঁর সৎমেয়েকে নির্যাতনের পর নিতম্বে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ ওই মাকে থানায় ধরে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নিয়েই ছেড়ে দেয়। এলাকাবাসী জানায়, বরিশালের নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের বাসিন্দা মামুন তাঁর দ্বিতীয় স্ত্রী ইতি আক্তার ও আগের ঘরের দুই মেয়েকে নিয়ে ঢাকার সাভারের ছায়াবীথি এলাকার বি-৪/৫ নম্বর বাসায় ভাড়া থাকেন। নানা অজুহাতে ইতি তাঁর সেময়ে সালমা (৮) ও শান্তাকে (৫) নির্যাতন করতেন। কয়েক দিন আগে ঘর থেকে ২০ টাকা খোয়া যায়। গত মঙ্গলবার ইতি ওই টাকা চুরির অভিযোগে শান্তাকে বেদম প্রহার করতে থাকেন। এ সময় শান্তা চিত্কার করতে থাকলে ইতি তাঁর মুখের ভেতর কাপড় ঢুকিয়ে গরম খুন্তি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দেন। শান্তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার এলাকাবাসী বিষয়টি সাভার থানায় জানায়।নির্যাতন প্রসঙ্গে ইতি আক্তার বলেন, ‘শান্তা টাকা চুরি করেছে, তাই ওকে মেরেছি। অন্যায় কাজে ছোটদের শাসন করাই বড়দের কাজ। এটা দোষের কিছু নয়।’মামুন জানান, প্রথম স্ত্রী সেলিনা আক্তার তাঁকে তালাক দেওয়ার পর তিনি বছর পাঁচেক আগে সেলিনার ছোট বোন ইতিকে বিয়ে করেন। এর পর থেকেই তাঁর আগের পক্ষের সন্তান সালমা ও শান্তা তাঁদের কাছেই থাকে। কিন্তু নানা অজুহাতে আমার দ্বিতীয় স্ত্রী ইতি প্রায়ই মেয়েদের মারপিট করতেন। টাকা চুরির অভিযোগে গত মঙ্গলবার শান্তার ওপর অমানুষিক নির্যাতন চালান তিনি। সাভার থানার পুলিশ জানায়, এলাকাবাসী বিষয়টি সাভার থানায় জানালে উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বুধবার রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে ইতি ও তাঁর স্বামী মামুনসহ শান্তাকে থানায় নিয়ে যান। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।উপপরিদর্শক শহীদুল ইসলাম টাকা চুরির অভিযোগে শান্তার ওপর অমানুষিক নির্যাতন চালানোর পর তার নিতম্বে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বলেন, ‘নিজের সন্তান ও সত্-সন্তানসহ ইতি তিন শিশু সন্তানের অভিভাবক। তাই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে বাচ্চা তিনটি কষ্ট পাবে। এ কারণেই ইতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’