সৎমেয়েকে ধর্ষণের মামলায় আরমান রিমান্ডে
সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরমান হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোশ্যাল মিডিয়ার মনিটরিং টিমের পরিদর্শক মো. নাজমুল নিশাত মামলাটি তদন্ত করছেন। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগ এলাকা থেকে আরমান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামি আরমান হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া যাচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০ জুলাই ধর্ষণের অভিযোগ করে সৎবাবার বিরুদ্ধে রমনা থানায় মামলা করে ভুক্তভোগী ওই মেয়ে। আরমান হোসেন একট বেসরকারি টিভি চ্যানেলের শব্দ প্রকৌশলী। মামলায় তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন আইন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালে আরমান হোসেনের সঙ্গে বাদীর মায়ের বিয়ে হয়। চাকরির কারণে তার মা সকালে কর্মস্থলে চলে যেতেন। ২০০৮ সালের কোনো একদিন দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে আরমান প্রথম ধর্ষণ করেন। ওই সময় মেয়েটির আপত্তিকর ছবিও মোবাইলে তুলে রাখেন আরমান। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে প্রায়ই তাঁকে ধর্ষণ করা হতো।