সৎমেয়েকে হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন
লালমনিরহাটে সৎমেয়েকে হত্যার দায়ে আদালত এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
সাজাপ্রাপ্ত নারীর নাম জান্নাতুন লাকী। তিনি জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা (গুড়িয়াচারি) গ্রামের ওমর গনির দ্বিতীয় স্ত্রী।
আদালত-সংশ্লিষ্ট সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জান্নাতুন লাকী ওমর গনির প্রথম স্ত্রীর মেয়ে জান্নাতুন ফেরদৌসিকে (৯) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ২০০৯ সালের ২২ জুলাই ওমর গনি সবাইকে বাড়িতে রেখে বুড়িমারী বাজারে যান। বাড়ি ফিরলে জান্নাতুন লাকী তাঁকে (ওমর) বলেন, সিঁধ কেটে দুজন লোক ঘরে ঢুকে জান্নাতুন ফেরদৌসিকে জবাই করে।
এ সময় স্থানীয় লোকজন দেখেন, ওই ঘরে একটি সিঁধ কাটা রয়েছে। কিন্তু তাঁদের সন্দেহ হয়, এতটুকু জায়গা দিয়ে কারও পক্ষে ঘরে ঢোকা সম্ভব কি না। পরে লোকজনের প্রশ্নের মুখে জান্নাতুন ফেরদৌসিকে হত্যা করার কথা স্বীকার করেন জান্নাতুন লাকী। একই সঙ্গে নিজের দোষ ঢাকতে তিনি হাত-পা চাকু দিয়ে জখম করেন এবং ঘরে সিঁধ কাটেন।
ঘটনার পরের দিন ওমর গনি পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২০১০ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগ গঠন করা হয়। শুনানি শেষে গতকাল দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।