সড়ক, ফুটপাত দখল করে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের মেছুয়া বাজার থেকে নতুন বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গা ও ফুটপাত দখল করে ব্যবসা করছেন অবৈধ দখলদারেরা। এতে সড়কটি আরও সংকুচিত হয়ে গেছে। সকাল থেকেই ওই সড়কে যানজট লেগে থাকে।মেছুয়া বাজার ছাড়াও শহরের ব্যস্ততম গাঙ্গিনার পার এলাকায় সড়কের দুই পাশ দখল করে প্রতিদিন বাহারি পণ্যের পসরা নিয়ে বসেন হকাররা।এলাকাবাসী জানান, যানজটের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের ব্যস্ততম সড়কগুলো প্রয়োজনের তুলনায় অনেক সরু। তার ওপর সড়ক ও ফুটপাত দখল করে কাঁচা বাজার ও বিভিন্ন পণ্যসামগ্রীর বাজার বসায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী আরও জানান, ময়মনসিংহের অন্যতম প্রধান পাইকারি বাজার হচ্ছে মেছুয়া বাজার। শহরের ছোট ছোট বাজার থেকে মালামাল কিনতে প্রতিদিন ছোট ব্যবসায়ীরা এখানে আসেন। এসব ব্যবসায়ীর মালামাল পরিবহন করতে সকাল থেকেই সড়ক অর্ধেকের বেশি দখল করে দাঁড়িয়ে থাকে অসংখ্য রিকশা, ভ্যান আর টেম্পো। ফলে অল্পতেই যানজট লেগে যায়।ফারহানা ইয়াসমীন নামে এক স্কুলশিক্ষার্থী জানায়, প্রতিদিন স্কুলে যেতে-আসতে এই কাঁচা বাজার আর ভ্যানের জন্য ফুটপাত দিয়েও হাঁটা যায় না। এতে তারা ভোগান্তিতে পড়ছে।আলী আকবর নামের এক হকার বলেন, ‘আমরা এখানে প্রতিদিনই বসি। যদি কোনো মিছিল আসে তাহলে পুলিশ আমাদের সরিয়ে দেয়।’ফলবিক্রেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা প্রতিদিন ২০ টাকা করে দিই।’ কার কাছে টাকা দেন জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘কয়েকজন ছেলে এসে টাকা নিয়ে যায়। এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।’ নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের এক কাপড় ব্যবসায়ী বলেন, ‘মার্কেটের মালিক আইজ ১০ জনরে বইতে (বসতে) দিছে।’ তবে কোন মার্কেটের মালিক তাঁদের বসতে দিয়েছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক বলেন, গত ডিসেম্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। এরপর অনেক দিন হকারদের দেখা যায়নি। দ্রুতই এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।