সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিলেন উপজেলা চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। ১০ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। এর আগে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা মানববন্ধন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপিও দেন সংগঠনের নেতারা। উপজেলা পরিষদ কার্যকর করা, উপজেলা পরিষদের ন্যস্তকৃত মন্ত্রণালয়ের দপ্তরসমূহের সব কর্মকর্তাদের গোপন প্রতিবেদন উপজেলা চেয়ারম্যানকে দেওয়ার ক্ষমতা, নতুন আইন প্রণয়ন করে শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনসহ ১০ দফা দাবি পূরণে সরকারকে ৩০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। ২৭ মার্চ তাঁরা ওই সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছিলেন তাঁরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশ থেকে আসা তিন শতাধিক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মানববন্ধনে অংশ নেন। তাঁরা বলেন, উপজেলা পরিষদের নির্বাচনের পর সরকার একটি পরিপত্র জারি করলেও আমলাদের কারণে ১৪ মাসেও তা কার্যকর হয়নি। মানববন্ধন শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে তাঁর কার্যালয়ের উদ্দেশে মিছিল শুরু করেন। তবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। ওই বাধা পেরিয়ে মিছিলটি শাহবাগের শিশুপার্কের সামনে এলে পুলিশ তাঁদের আর এগোতে দেয়নি। পরে পরিষদের আটজন নেতা স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বেলা দুইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের হাতে স্মারকলিপি দেন তাঁরা। পরিষদের পক্ষে আহ্বায়ক আবদুল মজিদ, মুহিবুর রহমান, মোহাম্মদ হোসেন, আনোয়ারুল হক, আতাউর রহমান, জিয়াউল হক, আরজিনা কবির ও মিনতি চাকমা স্মারকলিপি দেন।