সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম থেকে নিখোঁজ হওয়ার পর তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। পাশের থানচি উপজেলা সদরেও গতকাল মঙ্গলবার সারা দিন ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে মিছিল ও সমাবেশ করেছেন। ব্যবসায়ীরা থানচি-বান্দরবান রাস্তা অবরোধ করায় যান চলাচল বন্ধ ছিল গতকাল।

এদিকে গতকাল বিকেলে নিহত তিন ব্যবসায়ীর জানাজা শেষে অজ্ঞাত লোকজন আলীকদম উপজেলা সদরের চৌমুহনী এলাকায় ত্রিপুরা জাতিগোষ্ঠীর একটি বসতঘরে অগ্নিসংযোগ করে।

নিখোঁজ হওয়ার তিন দিন পর আলীকদমের তিন গরু ব্যবসায়ীর লাশ থানচির রুমভেত ম্রো পাড়া (২৮ কিলোমিটার নামেও পরিচিত) থেকে গত সোমবার উদ্ধার করা হয়। একটি পাহাড়ি ঝরনার পাশে গলা কাটা ও পোড়ানো অবস্থায় তাঁদের মৃতদেহগুলো পড়ে ছিল।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা নাহা রাজু বলেন, উপজেলা সদরে মিছিল ও সমাবেশ হয়েছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা উপস্থিত থাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিকেলে জানাজা শেষে চৌমুহনী এলাকায় হরিশ চন্দ্র ত্রিপুরার বাড়িতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বাড়িতে তখন লোকজন ছিল না।

স্থানীয় ব্যক্তিরা জানান, আলীকদমের পরিস্থিত থমথমে। হত্যাকাণ্ডের ঘটনায় ত্রিপুরা জনগোষ্ঠীর চারজনকে গ্রেপ্তারের পর উপজেলা সদরে কিছু লোক ত্রিপুরা জনগোষ্ঠীর ওপর ক্ষুব্ধ হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা কিছু ত্রিপুরার বসতঘরের সামনে নিরাপত্তা পাহারায় রয়েছেন। অনেকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে গেছে।

এর আগে লাশ উদ্ধারের পর সোমবার আলীকদম উপজেলা সদর বাসস্টেশন এলাকায় এক ত্রিপুরা দম্পতিকে মারধর করা হয়েছিল।

থানচি থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া যোহান ত্রিপুরা, জসীম ত্রিপুরা ও রবার্ট ত্রিপুরাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া জীবন ত্রিপুরা এখনো বিজিবির হেফাজতে রয়েছেন। ওসি সিরাজুল আরও বলেন, তাঁরা এখনো হত্যাকাণ্ডের কারণ শনাক্ত করতে পারেননি। তবে তিনি দাবি করেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

গতকাল বান্দরবান জেলা শহরে পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাহাব উদ্দিন, সহসভাপতি শেখ মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক নূরুল আলম।

এদিকে আলীকদম ও থানচিতে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত জরুরি বৈঠক হয়েছে। সেখানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, আলীকদম ও থানচিতে কিছুটা উত্তেজনা ছিল। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থায় টহলে রয়েছে।