
চট্টগ্রামের হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে শিক্ষার্থীরা কলেজ গেট এলাকায় অবস্থান নেন। এ সময় তাঁরা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, সরকার ১৯৯টি কলেজ জাতীয়করণ করার ঘোষণা দিয়েছে। কিন্তু দীর্ঘদিনের দাবি সত্ত্বেও হাটহাজারী কলেজকে জাতীয়করণ করা হয়নি। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, হাটহাজারী কলেজকে জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেন। দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। তাঁদের দাবি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে সরকার বরাবর পাঠানোর আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
হাটহাজারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নিয়েছেন। তিনি জানান, হাটহাজারী কলেজে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছেন।