সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গতকাল সোমবার সকালে কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকেরা যানবাহন ভাঙচুর করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।এ দিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় তেলিরচালার ছয়টি কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়। এগুলো হচ্ছে—এটিএস অ্যাপারেলস লিমিটেড, লগুজ ফ্যাশন লিমিটেড, নিউলাইন ক্লথ, জেনারেল ফার্মাসিটিক্যালস, সেজাদ সোয়েটার লিমিটেড ও পূর্বানী গ্রুপ।কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তেলিরচালার এটিএস অ্যাপারেলসের শ্রমিক জহুরা আক্তার (৩০) গতকাল সকাল পৌনে আটটায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি লেগুনা (হিউম্যান হলার) ধাক্কা দিলে পায়ে সামান্য আঘাত পান তিনি। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কোনাবাড়ী মাতৃসেবা ক্লিনিকে নিয়ে যান। কিন্তু এটিএস অ্যাপারেলস কারখানায় খবর পৌঁছায় লেগুনার ধাক্কায় পোশাকশ্রমিক জহুরার মৃত্যু হয়েছে। এই গুজবে কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। ভাঙচুর করেন ১০-১২টি যানবাহনের গ্লাস।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এর মধ্যে আশপাশের আরও পাঁচ-ছয়টি কারখানার শ্রমিক এটিএস অ্যাপারেলসের শ্রমিকদের সঙ্গে যোগ দেন। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশ শটগানের ২০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।এ দিকে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।পুলিশের লাঠিপেটায় আহত শ্রমিকেরা কোনাবাড়ী ও মৌচাক এলাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর এটিএস অ্যাপারেলস লিমিটেডসহ আশপাশের ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।আহত শ্রমিক জহুরা আক্তার বগুড়ার আদমদীঘি উপজেলার পূর্ব সিংরা এলাকার আশরাফ মিয়ার স্ত্রী। পরিবার নিয়ে তিনি তেলিচালায় একটি বাড়িতে ভাড়া থাকেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক জহুরা আক্তার সুস্থ আছেন। শ্রমিকদের মধ্যে কেউ নিহত হওয়ার গুজব ছড়িয়ে দিলে অন্য শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন এবং ভাঙচুর শুরু করেন। তাঁদের নিয়ন্ত্রণ করতে ২০টি শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।