সড়ক অবরোধ উপাচার্যের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতির অভিযোগে গতকাল সোমবার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ও উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন।
গত বুধবার বিকেল পাঁচটার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা একটার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ইউনিটে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভ চলাকালে বেলা দুইটার দিকে পুলিশ ও শিক্ষকেরা গিয়ে তাঁদের শান্ত করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। অন্যদিকে ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিশ্চুপ ভূমিকা পালন করছে।