সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল রোববার সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আর এস নিট কম্পোজিট ও ড্রেসমি কারখানায় ১৯ জন শ্রমিককে অনিয়মের অভিযোগ এনে ছাঁটাই করা হয়। ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে গতকাল সকাল নয়টায় শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকেন। সড়ক অবরোধের ফলে সব ধরনের যান চলাচল বন্ধ এবং উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার দেওয়ান ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কারখানার মহাব্যবস্থাপক আলী আশরাফ জানান, কারখানার নিয়ম-শৃঙ্খলা না মানার অভিযোগে ৫ জুলাই ১৯ শ্রমিককে শোকজের নোটিশ দেওয়া হয়। শ্রমিকেরা তা গ্রহণ না করে উল্টো পদত্যাগ করেন। পদত্যাগের পর শ্রম আইন অনুযায়ী তাঁদের পাওনা বেতন-ভাতা ও আগামী ঈদ বোনাস পরিশোধ করা হয়। তার পরও তাঁদের চাকরিতে ফিরিয়ে আনতে অযৌক্তিকভাবে শ্রমিকেরা বিক্ষোভ করছেন।গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।