সড়ক অবরোধ করে মানববন্ধন ট্যানারি মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারীবাগের ট্যানারিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ শনিবার রাজধানীর জিগাতলা-শংকর সড়ক অবরোধ করে মানববন্ধন করেন ট্যানারি শিল্পের মালিক ও শ্রমিকেরা। ছবি: সাবিনা ইয়াসমিন
হাজারীবাগের ট্যানারিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ শনিবার রাজধানীর জিগাতলা-শংকর সড়ক অবরোধ করে মানববন্ধন করেন ট্যানারি শিল্পের মালিক ও শ্রমিকেরা। ছবি: সাবিনা ইয়াসমিন

হাজারীবাগের ট্যানারিতে বিদ্যুৎ ও গ্যাস–সংযোগ বন্ধ ঘোষণার প্রতিবাদে রাজধানীর জিগাতলা-শংকর সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন ট্যানারি শিল্পের মালিক ও শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চলে।

সাভারে ট্যানারি স্থানান্তরে বাধ্য করতে ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারিগুলোতে বিদ্যুৎ ও গ্যাস–সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। তবে ট্যানারি শিল্পসংশ্লিষ্ট সব সংগঠনের অভিযোগ, সাভারে শিল্পনগরীর অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা এখনো প্রস্তুত করতে পারেনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। কিন্তু বিসিক আদালতে জানিয়েছে যে তারা প্রস্তুত। সে কারণে ট্যানারি বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

মানববন্ধনকালে ট্যানারি মালিকেরা বলেন, তাঁরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে সাভারে দ্রুত গ্যাস-বিদ্যুতের সংযোগ চান তাঁরা। যাঁরা জমি পাননি, তাঁরা যেন দ্রুত জমি পান, সেই ব্যবস্থা নিতে বিসিকের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।

ফিনিশড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ বলেন, বিসিক আদালতে বলেছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে সংসদীয় কমিটির সভায় বলছে যে তারা প্রস্তুত না। এই দ্বিমুখী আচরণের জন্য বিসিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।

এ সময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, ৬ এপ্রিলের মধ্যে গ্যাস ও অন্যান্য সংযোগ না দিলে রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এদিকে সড়ক অবরোধ করে মানববন্ধন করায় জিগাতলা-শংকর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

২০১০ সালের অক্টোবরে ট্যানারি স্থানান্তরে ছয় মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। সেই হিসাবে ২০১১ সালের ৩০ এপ্রিলের পর থেকে হাজারীবাগে ট্যানারি চালানোর অনুমোদন নেই। এরপরও সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়। তবে এখনো সরেনি অনেক ট্যানারি।

এদিকে গত বুধবার সময় বৃদ্ধির আবেদন আপিল বিভাগে খারিজ হয়। তবে হাজারীবাগে থাকা ট্যানারিগুলো বন্ধ করে এলে বকেয়া জরিমানা আদায়ের বিষয়ে বিবেচনার আশ্বাস দেন আপিল বিভাগ। ট্যানারির মালিকদের উদ্দেশে সর্বোচ্চ আদালত বলেছেন, ‘আপনারা ক্লোজ ডাউন (বন্ধ) করে আসুন, আমরা দেখব।’

পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা করে প্রতিদিন জরিমানা দিতে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা (রিভিউ) ও বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ট্যানারির মালিকদের সংগঠনের করা আবেদন (লিভ টু আপিল) শুনানিকালে আদালত এ কথা বলেন।