সড়ক অবরোধ ডিজিএম প্রত্যাহার
নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুতের দাবিতে ও পল্লী বিদ্যুতের দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ ও পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন কৃষকেরা। দুর্নীতির অভিযোগে পল্লী বিদ্যুতের ডোমার কার্যালয়ের উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ডিমলা উপজেলার সঠিবাড়ী বাজারে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম কৃষকদের দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি শেষ করেন।একই দাবিতে দুপুরে ডিমলা জলঢাকা সড়কের কালীগঞ্জ ব্যারাজের অদূরে ছোটপুল নামক স্থানে কৃষকেরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানেও ইউএনও ও পুলিশ গিয়ে তাঁদের শান্ত করেন। ডিজিএম রফিকুল ইসলাম মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন। তবে তাঁকে প্রত্যাহারের কথা স্বীকার করলেও কী কারণে প্রত্যাহার করা হয়েছে সেটি তিনি জানেন না বলে দাবি করেন।