সড়ক অবরোধ ভাঙচুর, সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে মিলগেট এলাকায় বিআরটিসি গাড়ির চাপায় শারমিন (৩২) নামের একজন পোশাকশ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল শ্রমিকেরা মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক ও পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হন।

শারমিন মিলগেট এলাকার টপস অ্যান্ড বটমস লিমিটেডের সুইং অপারেটর ছিলেন। তিনি শেরপুরের শ্রীবর্দী থানার দাড়িয়াখেলা গ্রামের ইউনুস আলীর মেয়ে। টঙ্গীর তিস্তার গেট এলাকায় স্বামী আসাদুল ইসলামের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ, কয়েকজন শ্রমিক, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শারমিন কারখানার কাজে যাওয়ার উদ্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিআরটিসিরি একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ খবর কারখানায় এলে শ্রমিকেরা সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবরোধ করে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন।

খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।

শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। সকাল সাড়ে নয়টার পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে পৌনে ১০টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।