সড়ক আরও ভেঙেছে, দখলও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ওয়ার্ড নম্বর  ৩

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

মিরপুর-১০ নম্বর অ্যাভিনিউ-৫ থেকে জল্লাদখানা মোড়ে আসার সড়কটির মাঝ দিয়ে চলে গেছে পানিনিষ্কাশনের নালা। নালাটির ওপরে কোনো স্ল্যাব বা কালভার্ট না থাকায় সড়কের দুই পাশের বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে l ছবি: প্রথম আলো
মিরপুর-১০ নম্বর অ্যাভিনিউ-৫ থেকে জল্লাদখানা মোড়ে আসার সড়কটির মাঝ দিয়ে চলে গেছে পানিনিষ্কাশনের নালা। নালাটির ওপরে কোনো স্ল্যাব বা কালভার্ট না থাকায় সড়কের দুই পাশের বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে l ছবি: প্রথম আলো

মিরপুর সেকশন-১০-এর ব্লক এ, বি, সি এবং মিরপুর-১১-এর ব্লক সি ও মেহেদিবাগ নিয়ে ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ড। আয়তন ১ দশমিক ১০১ বর্গকিলোমিটার। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৫৫২। বসবাস লক্ষাধিক মানুষের। এই ওয়ার্ডেই আছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ।

মিরপুর-১০ নম্বর অ্যাভিনিউ-৫ থেকে জল্লাদখানা মোড়ে আসার সড়কটি ভাঙাচোরা। এর চেয়েও বড় সমস্যা সড়কের মাঝ দিয়ে চলে যাওয়া পানিনিষ্কাশনের নালা। নালাটির ওপরে কোনো স্ল্যাব বা কালভার্ট না থাকায় সড়কের দুই পাশের বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দেখা যায়, নালাটির ওপরে এলাকার লোকজন বাঁশের তৈরি দুটি পাটাতন বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন। পাটাতনের দু-তিনটি বাঁশ সরে যাওয়ায় তা নড়বড়ে হয়ে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছেন। সরু বাঁশের পাটাতন হওয়া শিশু ও বৃদ্ধদের চলতে কষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাহিদুর রহমান খান বলেন, দীর্ঘদিন ধরে এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন সড়কের দুই পাশের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পার হয়। নির্বাচনের আগে এখানে কালভার্ট নির্মাণ করার প্রতিশ্রুতি থাকলেও অবস্থা বদলায়নি।

ওয়ার্ডের সড়ক ও ফুটপাতজুড়েই অবৈধ দখল। দেখা যায়, বি-ব্লকের ফকিরবাড়ি লেনের সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পাশ থেকে শুরু করে আবু তালেব বিদ্যালয়ের সীমানার কাছাকাছি পর্যন্ত সড়কের একপাশে সারি সারি দোকান। শাকসবজি, মাছ, মুরগি, গরুর মাংস, ফলমূল সবকিছুর দোকানই আছে এই কাঁচাবাজারে।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই বাজারটি সড়কের অনেকাংশজুড়ে দীর্ঘদিন ধরে ছিল। গত বছরের ফেব্রুয়ারি মাসে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির সময় বাজারটি উচ্ছেদ করা হয়। ওই বছরের এপ্রিল মাসে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মৌখিক অনুমতি নিয়ে আবার বাজারটি বসেছে।

মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ হয়ে হোপ ইন্টারন্যাশনাল স্কুল পর্যন্ত মূল সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। এসব দোকানের কারণে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। এই সড়কের পাশেই ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় অবস্থিত।

এ পথে নিয়মিত চলাচলকারী শহিদুল্লাহ বলেন, ‘সিটি করপোরেশন অফিসের আশপাশের ফুটপাতই দখলমুক্ত রাখতে পারে না, পুরা ঢাকা দখলমুক্ত করবে কীভাবে। সিটি করপোরেশনের লোকজন না চাইলে তো এভাবে দোকান বসতে পারার কথা না।’

মিরপুরে রয়েছে অসংখ্য তৈরি পোশাকের কারখানা। এসব কারখানার ‘জুট’ নামে পরিচিত ছাঁট কাপড়ের বিশাল বাজার গড়ে উঠেছে মিরপুর ১০ নম্বর সেকশনে। অ্যাভিনিউ-১ সড়কটি ‘জুটপট্টি’ নামে পরিচিত। সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানের মালপত্র রাখা হয়েছে ফুটপাতজুড়ে। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছে নষ্ট কাপড়।