সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় ২২ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল রোববার দুপুর ১২টার দিকে জলঢাকা শহরের ওই সড়কে অবস্থিত পেট্রলপাম্প এলাকায় মন্ত্রী ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বস্তরে উন্নয়নের ধারা অব্যাহত আছে। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, যোগাযোগসহ সবক্ষেত্রে উন্নয়নের সুফল মানুষ ভোগ করতে শুরু করেছে।’ তিনি উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংসদ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুজার রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সম্পাদক শহীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
নীলফামারী সওজের উপবিভাগীয় প্রকৌশলী ফিরোজ আকতার সিদ্দিকী বলেন, সওজ বিভাগের আওতায় প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে জলঢাকা সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।
এর আগে সকালে মন্ত্রী সদরের রামনগরে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালে ২৩৬ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মাছের ওই পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া গত শনিবার রাতে মন্ত্রী জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।