সড়ক ও গাছ কেটে জমি দখল করেছে ইউপি সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের কদমতলি গ্রামে এক হিন্দু পরিবারের যাতায়াতের সড়ক ও ভিটের চারাগাছ কেটে জমি দখল করেছে ইউপি সদস্য আবু সামা। ২১ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলক কান্তি দে গত রোববার রাতে ইউপি সদস্য আবু সামার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলক কান্তি দে অভিযোগ করেন, ২০০৯ সালের মাঝামাঝি সময়ে কদমতলি গ্রামের সুখেন্দু বিকাশ দের কাছ থেকে মাটির ঘর ও গাছপালাসহ ছয় শতক জমি ক্রয় করেন তিনি। যেখানে দুই বছর আগেও ফুল, ফল ও বনজ জাতের শতাধিক চারাগাছ রোপণ করা হয়। কিন্তু চন্দ্রঘোনা কদমতলি ইউপি সদস্য আবু সামা ২১ জুলাই বিকেলে ওই জমির পাশে ফসলি জমি বর্গা নেওয়ার কথা বলে তাঁদের যাতায়াতের সড়ক ও ভিটায় লাগানো চারাগাছ কেটে ফেলতে শুরু করেন। বাধা দেওয়ায় তাঁর বাবাকে বিলের পানিতে চেপে ধরেন এবং মাকে মারধর ও গালাগাল করেন। এ ব্যাপারে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়। তাঁর পরামর্শে গত রোববার রাতে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়। ইউপি সদস্য আবু সামা এ প্রসঙ্গে বলেন, ‘সুখেন্দু বিকাশ দের কাছ থেকে ফসলি জমি বর্গা নিয়ে চাষাবাদ করছি আমি। যার কিছু অংশ ভরাট করে পুলক কান্তি দে সড়ক তৈরি করে ও গাছের চারা লাগায়। ফলে সড়ক ও চারাগাছ কেটে ওই জমি দখল করা হয়।’ সুখেন্দু বিকাশ দে বলেন, ‘পুলক কান্তি দের কাছে আমার অংশের ১২ শতক জমি বিক্রি করি। যার দখল তখনই বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশে যে ফসলি জমি রয়েছে তা আমার ছোট ভাই পার্থ প্রতিম দের। সে মারা গেছে সাত-আট বছর আগে। তার স্ত্রী-সন্তান থাকে ভারতের কলকাতায়। ফলে ছোট ভাইয়ের প্রাপ্য জমিজমাও দেখাশোনা করি আমি। এ অবস্থায় ছোট ভাইয়ের ফসলি জমি ইউপি সদস্য আবু সামা কার কাছ থেকে বর্গা নিয়েছেন তাও আমার জানা নেই।’